দুটি বিশ্বকাপ আয়োজনের সুযোগ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। কিন্তু কোনোবারই একক আয়োজনের সুযোগ তারা পায়নি। সেই ভারত এবার পেয়ে গেল এককভাবে দু-দুটো বিশ্বকাপ আয়োজনের সুযোগ। একটি অবশ্য ‘ছোট’ বিশ্বকাপ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ৫০ ওভারের আসল বিশ্বকাপেরও আয়োজন করবে ভারত। আইসিসির বার্ষিক সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি, যৌথ আয়োজক ছিল পাকিস্তান। এই দুই দেশের সঙ্গে শ্রীলঙ্কা যুক্ত হয়ে আয়োজিত হয়েছিল ১৯৯৬ বিশ্বকাপ। সর্বশেষ ২০১১ বিশ্বকাপটিও যৌথভাবে আয়োজন করেছিল ক্রিকেট-পাগল দেশটি। সঙ্গে ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০১৫ সালের পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৯ সালের স্বাগতিক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডকে। তার পরের আসর অর্থাত্ ২০২৩ সালের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে।সম্প্রতি টি-টোয়েন্টির রমরমা অবস্থার কারণে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকেই। বিষয়টি গুরুত্ব দিয়েই আলোচিত হয়েছে আইসিসির বার্ষিক সভায়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, টেস্ট স্ট্যাটাস ধরে রাখার জন্য চার বছর সময়ের মধ্যে কমপক্ষে ১৬টি টেস্ট খেলতেই হবে টেস্ট খেলুড়ে দেশগুলোকে। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও ঘোষণা দিয়েছে আইসিসি। ২০১৭ সালে প্রথম আসরটি হবে ইংল্যান্ডে।২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে ভারত। এরপর ২০২০ সালের আসরটি হবে অস্ট্রেলিয়ায়। আইসিসির সভায় ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কক্সবাজার ও সিলেটে স্টেডিয়াম নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারছে না আইসিসি। আগামী আগস্ট মাসে ভেন্যু পরিদর্শন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।