দুটি শিরোপাই রাজশাহীর চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার কল্যাণ সমিতির (কোয়াব) আন্দোলনের জন্য ১১তম জাতীয় ক্রিকেট লিগ ১৪ দিন পিছিয়ে শুরু হচ্ছে আগামী পরশু। তবে আন্দোলনের সময়ও রাজশাহী বিভাগীয় দলের অনুশীলন থেমে থাকেনি। গতবার চার দিনের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী, রানার্সআপ এক দিনের ম্যাচে। এবার দুই ধরনের ক্রিকেটেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাজশাহী দল অনুশীলনে কোনো ঢিলেমি করেনি।কাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ১৪ সদস্যের যে দলটি ঘোষণা করেছে তাতে দুটি শিরোপা জয়ের আকাঙ্ক্ষাই প্রতিফলিত। পরীক্ষিত খেলোয়াড়েরা কেউই বাদ পড়েননি। নাসির, অভিষেক, সানজামুল, জুবায়েরদের মতো নতুন খেলোয়াড়দের সঙ্গে আইসিএল-ফেরত ফরহাদ রেজাকে ফিরে পাওয়ায় দল আরও শক্তিশালীই হয়েছে। দল মিস করবে শুধু ইনজুরিগ্রস্ত পেসার আলমগীর ও অলরাউন্ডার মুশফিকুর রহমানকে। তবে কোচ শাহনেওয়াজ শহীদ মনে করেন না আলমগীর ও মুশফিকুরের অনুপস্থিতি দলের ওপর খুব প্রভাব ফেলবে, ‘গতবার আমাদের ব্যাটিং দুর্বলতা ছিল। এবার ফরহাদ, নাসির, অভিষেক ও জুবায়ের আসায় তা কাটিয়ে উঠতে পারব।’আইসিএলের কারণে নিষিদ্ধ থাকায় গত মৌসুম মাঠে এসে খেলা দেখেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এবার দলে ঢুকতে পেরে দারুণ খুশি ফরহাদ রেজা, জাতীয় দলে ফেরারই স্বপ্ন দেখছেন তিনি, ‘এবার লিগে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে কামব্যাক করব।’ অনুশীলন ভালো হয়েছে, দল ভালো হয়েছে, রাজশাহীর খেলোয়াড়েরা সব মিলিয়ে খুশি। তবু অসন্তোষ একটা জায়গায় অছে। লিগ ফরম্যাটের কারণে এবার নিজেদের মাঠে খেলতে পারবে না রাজশাহী। এতে খেলোয়াড়েরা বেশ হতাশ।রাজশাহী বিভাগীয় দল: খালেদ মাসুদ (অধিনায়ক), আনিসুর রহমান (সহ-অধিনায়ক), জহুরুল ইসলাম, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা, নাসির হোসেন (রংপুর), জুবায়ের ইসলাম, সোহ্রাওয়ার্দী শুভ (রংপুর), দেলোয়ার হোসেন, শাহাজাদা, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, হামিদুল ইসলাম ও অভিষেক মিত্র।