দুটি সেঞ্চুরির আক্ষেপ

একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যেতে পারে। বেশি না মোটে ১৭ দিন আগে।
পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম দিন। ৮২ রানে ৫ উইকেট নেই শ্রীলঙ্কার! এমন বিপত্কালীন সময়ে অ্যাঞ্জোলা ম্যাথুসের ব্যাট চওড়া হয়ে উঠল। ধ্বংসস্তূপের মধ্যেই ব্যাট চলল সমানে। বেরিয়ে এল ১২৭ বলে ৯১ রানের এক দারুণ ইনিংস। ঠিক তখনই চোখের সামনে ফসকে গেল আরাধ্য সেঞ্চুরিটি। তবে সেদিন ম্যাথুস প্রবোধ মেনেছেন এই ভেবে যে এমনতর বিপদেও দল অন্তত ২০০ ছাড়িয়েছে।
আজ অবশ্য দল অতটা বিপদে ছিল না। এ কারণে বোধ হয় স্থিতিধি মস্তিষ্কেই খেলছিলেন লঙ্কান অধিনায়ক। কিন্তু কী আশ্চর্য, এদিনও অসাধারণ ইনিংসটির মৃত্যু হলো ওই ৯১ রানেই, জুনায়েদ খানের শিকার হয়ে! তবে ম্যাথুসের আজকের ইনিংসটিকে সংগ্রামিই বলতে হবে। এ রান তুলতে তাঁকে খেলতে হয়েছে ২৫৬ বল। একই সিরিজে দু-দুবার নার্ভাস নাইনটিজের শিকার ম্যাথুস অবশ্য প্রবোধ মানতে পারেন অভিষিক্ত দিলরুয়ান পেরেরাকে দেখে। ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যানের অভিষেকেই সেঞ্চুরি হাঁকানোর দারুণ মওকা হাত ছাড়া হলো মোহাম্মদ তালহার শিকার হয়ে। পেরেরা কাটা পড়েছেন ৯৫ রানে। ম্যাথুস-পেরেরার সপ্তম উইকেট জুটিতে এসেছে সর্বোচ্চ ১১২ রান।
শারজা টেস্টের দ্বিতীয় দিনে ৮২ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ২০৮ রান। খুইয়েছে ৪ উইকেট। শেষ ৭২ রানেই পড়েছে ৩ উইকেট। ৪২৩ রানে নবম উইকেটের পতনের পর পাকিস্তানি বোলারদের অল-আউটের সুযোগ না দিয়ে ৪২৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করলেন লঙ্কান অধিনায়ক। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জুনায়েদ খান ও মোহম্মদ তালহা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের অবশিষ্ট ৬ ওভার নিরাপদে পার করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুর ও আহমেদ শেহজাদ। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ১৯; এখনো পিছিয়ে ৪০৯ রানে।
১৯৯৯-২০০০ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদে অ্যাওয়ে সিরিজে কখনো জিততে পারেনি শ্রীলঙ্কা। ১-০-তে এগিয়ে থাকা লঙ্কানদের সিরিজ জিততে হলে শারজা টেস্ট ড্র করলেই চলে। ওভার প্রতি ২.৪৮ রান তুলে প্রায় দুই দিন উইকেট আঁকড়ে থেকে ড্রয়ের ধারণা আরো পোক্ত করল লঙ্কান ব্যাটসম্যানরা। তথ্যসূত্র: ওয়েবসাইট ও সনি সিক্স।