দুটো খেয়ে পাঁচটি দিল বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সাকে অসাধারণ জয় এনে দেওয়ার কারিগর পেদ্রো।
বার্সাকে অসাধারণ জয় এনে দেওয়ার কারিগর পেদ্রো।

খেলার বয়স তখন ১৪ মিনিট। ফলাফল—গেটাফে: ২ বার্সেলোনা: ০! মেসি নেই। জাভি নেই। নেই নেইমারও। এমনকি ক্লাবের এক নম্বর গোল রক্ষক ভালদেসও দলের বাইরে। ওদিকে মাঠের বাইরেও বিতর্ক আর গুঞ্জনে জেরবার বার্সা। তাই বলে পয়েন্ট টেবিলের আট নম্বরের দল গেটাফের কাছে ১৪ মিনিটে দুই গোল খেয়ে বসবে?
তবে কি মাঠের লড়াইয়ের বাইরে ওঠা বিতর্কের প্রভাব পড়েছে ম্যাচেও? এমন প্রশ্নের ডালপালা যখন ক্রমেই স্পষ্ট হচ্ছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে মঞ্চে হাজির পেদ্রো। ৩৪ থেকে ৪৩—নয় মিনিটে, হ্যাঁ মাত্র নয় মিনিটেই পেদ্রো গুনে গুনে তিনবার বল জড়ালেন গেটাফের জালে। চকিতে ম্যাচের কম্পাস ঘুরে গেলো বার্সার দিকে!
প্রথমার্ধে পেদ্রোর সুভাস ছড়ানোর পর দ্বিতীয়ার্ধে ফুল হয়ে ফুটলেন ফ্যাব্রিগাস। ৬৮ ও ৭২ মিনিটের পরপর দুই গোলে গেটাফের সমর্থকদের একেবারে ঠান্ডা করে দিলেন ফ্যাব্রিগাস। ম্যাচ শেষে ফল দাঁড়াল গেটাফে: ২ বার্সেলোনা: ৫!
পেদ্রোর অনন্য হ্যাটট্রিক, ফ্যাব্রিগাসের দৃষ্টিগ্রাহী জোড়া গোল; গেটাফের বিপক্ষে দারুণ জয় নিয়েই বড় দিনের ছুটি কাটাতে গেলো বার্সা। আর এ জয়ে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষে উঠে এলো কাতালানরা। বার্সার পয়েন্ট ৪৬। অ্যাটলেটিকো মাদ্রিদেরও পয়েন্ট ৪৬। তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা। এদিকে রাত ২টায় রিয়াল লড়বে ভ্যালেন্সিয়ার সঙ্গে। রয়টার্স, ওয়েবসাইট।