কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের মতো মরা উইকেট নয়। পাল্লেকেলেতে সেজে রয়েছে সবুজ উইকেট। আর এটি দেখে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলই রোমাঞ্চিত।প্রতিপক্ষকে বিপদে ফেলার মতো পেসার আছে, এটা একটা কারণ। সবুজ উইকেট দেখে দুই দলের খুশি হওয়ার এর চেয়েও বড় কারণ, ‘ফাইনালে’ রূপ নেওয়া পাল্লেকেলেতে ফল কামনা করছে দুই পক্ষই। প্রথম টেস্ট জিতে ১-০-তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। কলম্বোর দ্বিতীয় টেস্টের মতো আজ শুরু পাল্লেকেলে টেস্টও কোনোভাবে ড্র হলে প্রায় তিন বছর পর টেস্ট সিরিজ জয়ের উচ্ছ্বাসে ভাসবে মাহেলা জয়াবর্ধনের দল।শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে সেই ২০০৯ সালে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর আটটি সিরিজ খেলে হেরেছে পাঁচটিতেই, বাকি তিন সিরিজে ড্র। সিরিজ জয়ের আকাঙ্ক্ষায় অধিনায়ক জয়াবর্ধনে তাই ঝুঁকি নিতে চান না, ‘জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামতে হবে। নেতিবাচক মানসিকতা এবং ড্রয়ের জন্য খেলা কখনোই কাজে লাগে না। পাকিস্তান ভালো দল। আমরা জয়ের জন্য না খেললে তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারব না।’ বলেছেন জয়াবর্ধনে। সিরিজ বাঁচাতে হলেও পাকিস্তানিদের জিততে হবে। সর্বশেষ সাত সিরিজেই পাকিস্তান অপরাজিত। জিতেছে এর চারটিতেই। সাফল্যের এই ধারায় হারের দাগ তারা ফেলতে চায় না। সবুজ উইকেটের আশার পিঠে শঙ্কাও আছে। এসএসসির মতো পাল্লেকেলে টেস্টকেও খেয়ে নেবে না বৃষ্টি? ২০০৯ সালে পাহাড়ি শহর ক্যান্ডিতে এই স্টেডিয়াম হওয়ার পর এ পর্যন্ত এখানকার দুটি টেস্টই ড্র হয়েছে বৃষ্টির হামলায়। দুই দলই এসএসসিতে ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছে। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ প্রথম ইনিংসে করেছিলেন ১৯৬ রান। জবাবে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ব্যাট করেছে গর্জন। প্রথম ইনিংসে সঙ্গীর অভাবে ডাবল সেঞ্চুরি পাননি, অপরাজিত থাকেন ১৯৯ রানে। দ্বিতীয় ইনিংসে আউট হন ১৯২ রানে। ব্যাটিংয়ে দুই দল একই সমতলে। ব্যবধান গড়ে দেবে বোলিং। লঙ্কান, না পাকিস্তানি বোলারদের উল্লাস দেখবে পাল্লেকেলে? এএফপি।