দুদলেরই এক ঘণ্টার দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে এখন আবাহনী মাঠে নামলে মোহামেডান চায় ‘ওরা পয়েন্ট হারাক’। দুই দলের মধ্যে তাহলে চার পয়েন্টের ব্যবধানটা কমে। মোহামেডান মাঠে নামলে আবাহনীর কামনা, ‘ওরা পয়েন্ট নষ্ট করুক।’ তাহলে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যায়।কাল দুই দলই নেমেছিল মাঠে। ঢাকায় মোহামেডান, নারায়ণগঞ্জে আবাহনী। কোনো দলের প্রত্যাশাই অবশ্য পূরণ হয়নি। পুরো পয়েন্টই ঘরে নিয়ে ফিরেছে দুই প্রধান। তবে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল দুই দলই।নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ওসমানী স্টেডিয়ামে স্থানীয় শুকতারার বিপক্ষে গোল পেতে আবাহনীকে অপেক্ষায় থাকতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। এর আগেও যেমন গোল করে দলকে পার করে নিয়েছেন প্রাণতোষ, এদিনও আবাহনীর ত্রাণকর্তার ভূমিকায় দেখা দিয়েছেন এই মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে দারুণ শটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখেই আকাশি-নীল জার্সিধারীরা পার পেয়ে গেছে এই ম্যাচে।‘পার’ই পেয়েছে। নারায়ণগঞ্জের ছোট মাঠে মোহামেডানও এক গোলে কোনো রকমে জিতে এসেছিল। মাঠের অবস্থা খারাপ। ঘাস নেই, বল নিয়ন্ত্রণ করা যায় না। আবাহনী তিন পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরতে পেরেছে, সেটিকেই বড় করে দেখছে দলটি। ম্যানেজার সত্যজিত্ দাস তো মহা অসন্তুষ্ট, ‘ওটা কোনো মাঠ নাকি!’মোহামেডানের জয়টা তিন গোলে। কিন্তু প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে তাদেরও। ৬৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে ঠেকিয়ে রেখেছিল মুক্তিযোদ্ধা। কিন্তু ৬৪ মিনিটে আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান নাসির চৌধুরী গোল করার পর ছবিটা বদলাতে থাকল। ৮৫ মিনিট ও অতিরিক্ত সময়ে বদলি মিডফিল্ডার শাকিলের দুই গোল শেষ পর্যন্ত বড় জয়ই এনে দিয়েছে মোহামেডানকে (৩-০)। দুই দলই জয় পাওয়ায় পয়েন্ট তালিকায় তাদের অবস্থানটা আগের জায়গাতেই রয়ে গেছে। ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪৩, সমান ম্যাচে মোহামেডানের ৩৯। ম্যাচ বাকি আরও ৯টি করে। আবাহনী ৪ পয়েন্ট এগিয়ে থাকলেও এখনো অনেক নাটকই হওয়া সম্ভব।মোহামেডানের সামনে শিরোপা লড়াইটা এখনো আছে। তবে সাদা-কালোরা যে নিজেদের সমস্যাতেই কাতর। দলের তিন বিদেশিকে নিয়ে ‘অচলাবস্থা’ এখনো কাটেনি। বেতন পাচ্ছেন না দাবি করে বুকোলা, এমেকা ও ড্যামি আগের ম্যাচে মাঠে নামেননি। তবু মোহামেডান শুকতারাকে সাত গোলে উড়িয়ে দিয়েছিল। মাঝখানে কয়েক দিন কেটেছে, এখনো বেতন না পাওয়ায় কালকের ম্যাচেও খেলেননি বুকোলারা। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মোহামেডান সমর্থকদের জন্য সুখবর নেই।শুকতারা-মুক্তিযোদ্ধার সঙ্গে বিদেশিদের ছাড়া মোহামেডান জিতেছে। তাহলে কি এঁদের বাদ দিয়েই খেলে যাবে তারা? কাল ম্যাচের পর কোচ মারুফুল হক বললেন, ‘আমি তো ওদের চাই।’ কোচ তো চাইবেনই। ক্লাব ম্যানেজমেন্টও চায়। তবে অনুশীলনে ফিরলেও বেতন না পেলে খেলবেন না বলে কালও জানিয়েছেন তিন নাইজেরিয়ান।যাই হোক, বিদ্রোহী বুকোলাদের ছাড়াই মোহামেডান দুটি ম্যাচ পার হয়ে গেছে, এটাই বড় খবর। কিন্তু কাল মুক্তিযোদ্ধা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে বুকোলাদের ফেরাতে হয়তো আরেকটু বেশি তত্পর হতো মোহামেডান। মুক্তিযোদ্ধার গোলরক্ষক আতিকুল গোল খাওয়ার আগ পর্যন্ত আস্থা নিয়ে খেললেও পারলেন না দলকে পয়েন্ট এনে দিতে।মুক্তিযোদ্ধা ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। প্রধমার্ধে লাইবেরিয়ান স্ট্রাইকার গ্রে সহজ সুযোগ নষ্ট করেছেন। বড় দলের বিপক্ষে সুযোগ নষ্ট করার মূল্য তো পরাজয় দিয়েই শুধতে হয়।১৫ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট থাকল ১৪-ই। সমান ম্যাচে শুকতারার পয়েন্ট ৭।