দুদলেরই চোখ ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট মাঠে অনুশীলনে ব্যস্ত এমিলি, জাহিদরা। আমিনুল মিডিয়ার সঙ্গে কয়েকটি কথা বলেই কাদাভরা মাঠে নেমে গেলেন অনুশীলনে। কোটি টাকার সুপার কাপ যে জিততেই হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে! প্রথম সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা।কাগজে-কলমে ফেবারিট শেখ জামাল। দলে বিশ্বকাপ বাছাইপর্বের জাতীয় দলে খেলা ছয় ফুটবলার। এত দিন রয়েছেন অনুশীলন আর খেলার মধ্যে। অনভিজ্ঞ তরুণ আর বিদেশি খেলোয়াড়নির্ভর মোহামেডানকে এই পাল্লায় মাপা যাবে না। তারা হীনবল। কিন্তু শেখ জামালের কোচ পাকির আলী প্রতিপক্ষকে ছোট-বড় করে দেখতে রাজি নন, ‘মোহামেডান হোক আর ফরাশগঞ্জ হোক আমার কাছে সব প্রতিপক্ষই সমান।’ বিশ্বকাপের বাছাইপর্বের কারণে স্থগিত হয়ে যাওয়া সুপার কাপ আবারও শুরু হচ্ছে ১৮ দিন পর।পাতানো ম্যাচ খেলার অপবাদ নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। সুতরাং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে অপবাদ ঘোচানোর একটা চ্যালেঞ্জ তাদের সামনে। যদিও পাকির আলী বলছেন অন্য কথা, ‘এসব প্রমাণ করার জন্য আমাদের চ্যাম্পিয়ন হতে হবে এমন কথা নেই। আমরা যে জাতীয় দলের খেলোয়াড়, এটা প্রমাণ করতেই আমাদের চ্যাম্পিয়ন হতে হবে।’ দলের জার্সি গায়ে আছে ঠিকই, কিন্তু অনেকেই ঘর ভেঙে চলে যাচ্ছেন অন্য দলে। মাঠে কি এর কোনো প্রভাব পড়বে? অধিনায়ক আমিনুল অবশ্য সেটা মানছেন না, ‘একেকজনের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। যেহেতু এখন পর্যন্ত শেখ জামালের জার্সি গায়ে খেলছি, আমরা শেখ জামালেরই খেলোয়াড়। এটা জিতলে সারা জীবন বলতে পারব চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম।’কোনো দলেই ইনজুরির সমস্যা নেই। তবে সুপার কাপের প্রথম ম্যাচে মাথায় আঘাত পাওয়া ওয়ালি ফয়সালকে এখনো পুরোপুরি ফিট মনে করছেন না পাকির আলী। আজ তাই না-ও খেলতে পারেন ওয়ালি। বিদেশিনির্ভর আক্রমণভাগই ভরসা শেখ জামালের—ক্যামেরুনিয়ান ত্রয়ী ইয়োকো সামনিক, ইমানুয়েল অউক, স্টিভেন লোগা বোউগা। সঙ্গে থাকবেন নাইজেরিয়ান উইঙ্গার ফেমি অরুনিমি। তবে জাতীয় দলে ভালো খেলে আসার পরও সেরা একাদশে খেলার নিশ্চয়তা পাচ্ছেন না এমিলি, জাহিদরা। সুপার কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শেখ জামাল ছিল খুবই আক্রমণাত্মক এক দল, ব্রাদার্সকে উড়িয়ে দিয়েছিল ৬-১ গোলে। কিন্তু পরের ম্যাচেই আবাহনীর সঙ্গে অতিরক্ষণাত্মক খেলে করে গোলশূন্য ড্র। মোহামেডান গ্রুপ পর্বের দুই ম্যাচেই এগিয়ে গিয়েও ড্র করেছে। তাতেই উঠে গেছে সেমিফাইনালে। কিন্তু অগ্রগামিতা ধরে রাখতে পারছে না কেন তারা? মোহামেডান কোচ শফিকুল ইসলামের আঙুল অনভিজ্ঞতার দিকে, ‘আমার খেলোয়াড়দের বেশির ভাগই তরুণ। প্রথমার্ধের পর দম ধরে রাখতে পারছিল না ওরা।’ সুপার কাপের জন্য ফেনী সকার থেকে ধারে আনা তৌহিদুল রয়েছেন দারুণ ফর্মে। দুর্ভাগ্য তাঁর, জাতীয় দলে জায়গা করে নিয়েও জ্বরের কারণে খেলতে পারেননি। মোহামেডানের জন্য সুসংবাদ, তৌহিদুল অনেকটাই সুস্থ। নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবাও হতে পারেন একটা তুরুপের তাস। লিগের ৭ ম্যাচে ১২ গোল করেছেন সানডে, সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসীই দেখাচ্ছে তাঁকে, ‘আমরা সেমিফাইনালের জন্য প্রস্তুত। অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব আমি।’জমজমাট এক সেমিফাইনালেরই তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে!