দুদলেরই প্রতিপক্ষ যেন আম্পায়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী স্টেডিয়াম কাল কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠেছিল। উত্তপ্ত করল আবাহনী সমর্থকেরা। ক্ষোভের কারণ মোহামেডানের কাছে আবাহনীর হার নয়। ব্যবধানটা যে কাছাকাছি (২-১)। কাগজে-কলমে এগিয়ে থাকা মোহামেডানের চেয়ে ভালো খেলে সমর্থকদের প্রশংসাই পেয়েছে তারুণ্যনির্ভর আবাহনী। কিন্তু গোলটা বাধে মোহামেডান খেলোয়াড়দের অসহিষ্ণু আচরণের পরও আম্পায়রারা তাঁদের কার্ড না দেখানোয়।একতরফা মোহামেডান খেলোয়াড়দের দোষারোপ করলে অন্যায় হবে। আবাহনীও আম্পায়ারের সিদ্ধান্ত কখনো কখনো মেনে নিতে পারেনি। সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে গেলেই আম্পায়ারের দিকে তেড়ে গেছেন দুদলের খেলোয়াড়েরা। মোহামেডানের খেলোয়াড়েরা এটা বেশি করেছেন। এতে তাদের স্বাভাবিক খেলাটা বরং নষ্টই হয়েছে। এ দেশে আম্পায়ারের সিদ্ধান্ত না মানার চিরায়ত কুসংস্কৃতি আসলে প্রাতিষ্ঠানিকতা পেয়ে গেছে।চলমান ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপ থেকে দুদলই উঠে গিয়েছিল সেমিফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হার ১৩ এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্সআপ আবাহনীকে দাঁড় করিয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঊষার সামনে। আগের দিনের প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডানের সামনে সহজ প্রতিপক্ষ সোনালী ব্যাংক।এই সমীকরণের বাইরে কিছু প্রত্যাশা দুদলের কাছে ছিল। ভালো খেলা। শ্যাওলা পড়ে মাঠ ভালো হকি খেলার অনুপযোগী হয়ে গেছে ঠিকই, তবে দৃষ্টিনন্দন হকির ছিটেফোঁটাও না দেখা হতাশারই। মোহামেডানের দেশসেরা খেলোয়াড়দের স্টিকেই তো কারুকাজ দেখা গেল না। দুদল চারটি করে পেনাল্টি কর্নার পেলেও গোল মাত্র একটি, যেটি করেছে মোহামেডান। পেনাল্টিতে গোল-খরার দিন গেল কাল! আবাহনীর তা নিয়ে দুঃখ করার কারণ নেই। মাত্র দুজন ছাড়া দলটির সব খেলোয়াড়ই এখন বিকেএসপির ছাত্র। যারা এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং এই প্রথম খেলল আবাহনী-মোহামেডান ম্যাচ। পড়ার টেবিল, পরীক্ষার হল ঘুরে মাঠে আসা তরুণেরা ভালোই খেলেছে। আবাহনীর খেলাটাও তুলনামূলক গোছানো ছিল। শেষ দিকে ফাঁকায় পাওয়া হাসান জুবায়েরের (নিলয়) হিট বাইরে না গেলে ম্যাচটা তো ২-২ হয়ে যায়!মোহামেডান খেলোয়াড়েরা আম্পায়ারের ‘ভুল’ ধরতেই বেশি ব্যস্ত ছিলেন। জাহিদুল, রাসেল মাহমুদ, মামুনুররা বেশ কয়েকবার আম্পায়ারের দিকে তেড়ে যান এবং পারলে যেন হাতই তুলতেন গায়ে! আবাহনী অধিনায়ক আসাদুজ্জামানও (চন্দন) বারদুয়েক একই কাজ করেছেন। শেষ পর্যন্ত নিজেকে তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ওদিকে একটি কার্ডও কাউকে না দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করেছেন আম্পায়াররাও!এসবের মাঝেই বারবার ক্যামেরা খুঁজে নিয়েছে দুই গোলরক্ষককে। আবাহনী গোলরক্ষক মনোয়ার হোসেন (রাসেল) প্রথমার্ধে মোহামেডানের তিনটি পেনাল্টি কর্নারের প্রথম দুটি ঠেকিয়ে দিয়েছেন। ৪৪ মিনিটে আর পারেননি। মোহামেডানের চতুর্থ পেনাল্টি কর্নারে গোল। হাওয়ায় ভাসা বল পোস্টে ঠেলেন আরিফুল হক (প্রিন্স)। ৫১ মিনিটে বেলালের গোলে ২-০, ৫৯ মিনিটে মিলন হোসেনের গোল আবাহনীর হার ঠেকাতে পারেনি (২-১)এ।দিনের প্রথম ম্যাচে মেরিনার্স ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।