দুজনার দুটি পথ দুদিকে বেঁকে গেছে অনেক আগেই। কিন্তু শেষ হয়ে যাওয়া সম্পর্কটাও যেন বিষিয়ে উঠছে দিন দিন। অবস্থা যেদিকে গড়াচ্ছে, ডিয়েগো ম্যারাডোনা সাবেক স্ত্রী ক্লদিয়ার সঙ্গে মুখ দেখাদেখিই বন্ধ করে দিতে পারেন। ম্যারাডোনা আগেই অভিযোগ করেছিলেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ লাখ ডলার সরিয়ে ফেলেছেন ক্লদিয়া। সেটার জন্য মামলাও দায়ের করেছিলেন শৈশবের প্রেমিকার বিরুদ্ধে। সেই মামলার জেরেই কাল আদালত ক্লদিয়ার সব সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন। এসব ক্ষেত্রে যা হয়, ক্লদিয়া যথারীতি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে একটা ব্যাপার নিশ্চিত করেছেন, ইউরোপে খেলার সময় ম্যারাডোনার সব জার্সি তাঁর কাছে আছে। সেগুলোর মূল্যও নেহাত কম নয়। কিন্তু সেটা সাবেক স্বামীকে ফিরিয়ে দিচ্ছেন না কেন? ক্লদিয়া জানিয়েছেন, ওগুলো নাতি বেঞ্জামিনই (আগুয়েরো-জিয়ান্নিনার তনয়) পাবে। এএফপি।