দুদিনেই জিতল ঢাকা মেট্রো
দুই দিনেই শেষ দুই ঢাকার লড়াই। রাজশাহীতে লো-স্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিয়েও ঢাকা বিভাগ হারল ৭ উইকেটে। আর ঢাকা মেট্রো জাতীয় লিগে ফিরে আসাটা উদ্যাপন করল টানা দ্বিতীয় জয়ে।ঢাকা বিভাগের ওপেনার রনি তালুকদার করেছেন ৮০ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হয়েছেন তখন দলের রান মাত্র ১৪০। জিততে হলে মেট্রোকে করতে হতো ১৬৫ রান। ম্যাচের ধারা বজায় রেখে ৩১ রানেই নেই ২ উইকেট। এরপরই আসিফ আহমেদের সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুলের ১২৯ রানের জুটি। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ৫৮ রানে আউট হয়ে যান বড় দৈর্ঘ্যের ম্যাচে ধারাবাহিক রান পাওয়া আশরাফুল। ১৫ চারে ৭৬ করে অপরাজিত ছিলেন আসিফ। ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা অবশ্য মেট্রোর পেসার আরাফাত সালাউদ্দিন।আগের দিন জাতীয় লিগে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন। বল হাতে ৮ উইকেট নেওয়ার পর এবার ব্যাট হাতেও দলীয় সর্বোচ্চ ৬৯ করেছেন আবদুর রাজ্জাক। নয়ে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। ফিফটি ছুঁয়েছেন মাত্র ৩৮ বলে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির ব্যাটিংয়েই বরিশালের বিপক্ষে ৩০ রানের লিড নিয়েছে খুলনা।বগুড়ায় রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১২৫ রানে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৯ রান করেছে দলটি। এর আগে রংপুরের প্রথম ইনিংস শেষ হয় ২৩০ রানে। ৮৪ রানে ৫ উইকেট হারানো রংপুরকে টেনে তোলে অধিনায়ক তারিক আহমেদ ও ধীমান ঘোষের ৯২ রানের ষষ্ঠ উইকেট জুটি।বিকেএসপিতে মন্থর ব্যাটিংয়ের প্রদর্শনী রেখেছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। ১২৩.৫ ওভারে ৯ উইকেট ২৭০ করে সিলেট ইনিংস ঘোষণা করে। জবাবে চট্টগ্রাম ৬০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান করে শেষ করেছে দ্বিতীয় দিন। ৫৯ রানে অপরাজিত রয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। এই ইনিংস খেলার পথেই তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে পেরিয়ে গেছেন ৪০০০ রান।