দুবাই ওপেনে চ্যাম্পিয়ন ফাহাদ

এ মাসের প্রথম সপ্তাহে রাশিয়ায় ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস থেকে একটু হতাশা নিয়েই ফিরতে হয়েছিল ফাহাদ রহমানকে। ২৬ জনের মধ্যে ১২তম হয়েছিল বাংলাদেশের কনিষ্ঠতম ফিদে মাস্টার। কিন্তু পরের আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুছে গেল সেই হতাশা। কাল শেষ হওয়া দুবাই ওপেন দাবার জুনিয়র (অনূর্ধ্ব-১৪) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফাহাদ। ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে তার পয়েন্ট ৮।
কাল শেষ রাউন্ডে ফাহাদ হারিয়েছে দুবাইয়ের আল হোসনি ওমরানকে। এই টুর্নামেন্টে জুনিয়র বিভাগে অংশ নেওয়া ১১২ জনের মধ্যে মাত্র দুজনের রেটিং ফাহাদের চেয়ে বেশি ছিল। ফাহাদের বর্তমান রেটিং ২১৫৬, ভারতের রাহুল শ্রীবাস্তবের ২২৭৩ ও ইউক্রেনের ভিক্টর মাটভিশনের ২৩৯০। ফাহাদ এই দুজনের মধ্যে রাহুলকে হারিয়েছে, ড্র করেছে মাটভিশনের সঙ্গে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় ফাহাদের রেটিং বাড়বে ৫০ পয়েন্ট। এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রাইজমানি হিসেবে ফাহাদ পেয়েছে প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা (২ হাজার ইউএস ডলার), শেখ মাখতুম বিন হামদান আল মাকতু কাপ ও একটি সোনার পদক। টুর্নামেন্টে ফাহাদের পৃষ্ঠপোষকতা করেছে মাহিন্দ্রা কমভিবা।