
তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল, দুবাইতে বৃষ্টি ছাড়া দক্ষিণ আফ্রিকার জয় কেউ কেড়ে নিতে পারবে না। দেখার ছিল একটাই, পাকিস্তান কতটা অপেক্ষায় রাখতে পারে দক্ষিণ আফ্রিকাকে। সেই পরীক্ষায় ভালোই মার্কস পাবে পাকিস্তান। সিরিজে সমতা ফেরাতে যে শেষ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাল প্রোটিয়াদের। ইনিংস ও ৯২ রানের ব্যবধানে জয়। দুই ম্যাচের সিরিজটা ১-১ করে দেশের বাইরে সিরিজ না-হারার ৭ বছরের রেকর্ডটা অক্ষুণ্ন রাখল টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।
ইনিংস হার এড়াতেই করতে হবে ৪১৮ রান। পাকিস্তান তৃতীয় দিনেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। ৭০ রানে চতুর্থ উইকেট হারানোর পর জুটি বাঁধা মিসবাহ-উল-হক ও আসাদ শফিক কাল প্রথম সেশনটা তো বটেই, কাটিয়ে দিয়েছিলেন দ্বিতীয় সেশনেরও বেশিরভাগ সময়। ৭৫.২ ওভার ব্যাট করে পঞ্চম উইকেটে ১৯৭ রান যোগ করেছেন মিসবাহ ও শফিক। শফিক পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তবে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি বানাতে না পারার ধারা বজায় রেখে অধিনায়ক মিসবাহ আউট হয়েছেন ৮৮ রান করে।
জুটি ভাঙতে অবশ্য গ্রায়েম স্মিথ খেলেছেন একটা ফাটকা। ১০৭তম ওভারে বল তুলে দেন অনিয়মিত স্পিনার ডিন এলগারের হাতে। দ্বিতীয় ওভারেই লেগে গেল ওটা, অফ স্টাম্পের বাইরে করা এলগারের নিরীহ-দর্শন চতুর্থ বলটাকে মিসবাহ পাঠিয়ে দিতে চাইলেন যেন মহাশূন্যে। বলটা গেল প্রথম স্লিপে দাঁড়ানো জ্যাক ক্যালিসের হাতে। সাত ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বল হাতে নিয়ে প্রথম উইকেট পেলেন এলগার। ম্যাচটা পাকিস্তান পঞ্চম দিনে নিতে পারবে কি না, সেই প্রশ্নের ইতি এখানেই। দিন শেষে ম্যান অব দ্য সিরিজ এবি ডি ভিলিয়ার্সও বললেন, এই উইকেটটার প্রতীক্ষাতেই ছিলেন তাঁরা।
মিসবাহ আউট হওয়ার পর এক প্রান্ত ধরে রেখেছিলেন শফিক। প্রায় সাত ঘণ্টা ব্যাট করে ৩২০ বলে ১৩০ রান করার পর নবম ব্যাটসম্যান হিসেবে শফিক আউট হওয়ার পরই ম্যাচের সমাপ্তি। আহত হওয়ায় ব্যাট করতে নামেননি জুলফিকার বাবর।
এই জয়ের পরও সিরিজ ড্রয়ের খেসারত হিসেবে ৪টি রেটিং পয়েন্ট খুইয়েছে বিশ্বের এক নম্বর দলটি। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে পাকিস্তান উঠে এসেছে চার নম্বরে। এই দুই দেশের মাঝে আছে ইংল্যান্ড ও ভারত। ওয়েবসাইট।