দুবাই টেস্টে সহজ জয় পাকিস্তানের
দুবাই টেস্টের একদিন বাকি থাকতেই ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ২৫৭ রানেই গুটিয়ে দেয় তারা। ৬৮ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। মাত্র ৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মিসবাহ বাহিনী।১ উইকেটে ৮৮ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাঙ্গাকারা। কিছুক্ষণ পর খুব দ্রুতই আউট হন জয়াবর্ধনে ও অধিনায়ক দিলশান। পঞ্চম উইকেটে প্রায় ১৮ ওভার ব্যাট করে মাত্র ২৫ রান সংগ্রহ করে পারানাভিতানা-ম্যাথিউস জুটি। শেষপর্যন্ত এই জুটি ভাঙ্গেন আজমল। ৭২ রান করে ফিরে যান পারানাভিতানা। এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কুশাল সিলভা। ফিরে গেছেন জুনায়েদ খানের শিকারে পরিণত হয়ে। সপ্তম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে দলীয় স্কোরটা কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসেন ধাম্মিকা প্রাসাদ ও ম্যাথিউস। প্রাসাদ ৩৩ রান করে ফিরে যাওয়ার পর আর কেউ দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি ম্যাথিউসকে। সাঈদ আজমলের শিকারে পরিণত হয়ে একে একে ফিরে যান রঙ্গনা হেরাথ, চানাকা ওয়েলেগেদারা ও সুরাঙ্গা লাকমাল। ৫২ রান করে অপরাজিত থাকেন ম্যাথিউস। জয়ের জন্য ৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার তৌফিক উমরের উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলি। ওয়েবসাইট