দুবাই টেস্টের প্রথম দিনটি দ. আফ্রিকার
সেঞ্চুরি করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ। পরবর্তী তিন ব্যাটসম্যানের সবাই হাফ সেঞ্চুরি করেছেন। টপ অর্ডার ব্যাটসম্যানদের ঈর্ষণীয় ব্যাটিংয়ের সুবাদে দুবাই টেস্টের প্রথম দিনটি হয়েছে শুধুই দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে পাকিস্তান পেয়েছে কেবলই হতাশা। প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়াসদের সংগ্রহ ৩১১ রান। পাকিস্তানি বোলাররা সারা দিনে শিকার করতে পেরেছেন মাত্র তিনটি উইকেট।বোলারদের হতাশার শুরুটা করেন গ্রায়েম স্মিথ ও পিটারসেন। প্রথম উইকেটের দেখা পেতে পাকিস্তানকে অপেক্ষা করতে হয় ১৫৩ রান পর্যন্ত। ব্যক্তিগত ৬৭ রানে আবদুর রেহমানের শিকার হন পিটারসেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথকে ফিরিয়েছেন ওয়াহাব রিয়াজ। কিন্তু ততক্ষণে সেঞ্চুরি হয়ে গেছে অধিনায়ক স্মিথের।অধিনায়কের ১০০ রানের পর হাশিম আমলা দলীয় সংগ্রহে যোগ করেছেন ৮০ রান। কম যাচ্ছেন না জ্যাক ক্যালিসও। দিনের খেলা শেষ হওয়ার সময় এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৫৩ রানে। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ দুটি ও আবদুুর রেহমান একটি উইকেট লাভ করেন।—ক্রিকইনফো