দুবাইয়ে ফাহাদের কিস্তিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে দাবার চালে মগ্ন ফাহাদ (বাঁয়ে)। ছবি: সৌজন্য
দুবাইয়ে দাবার চালে মগ্ন ফাহাদ (বাঁয়ে)। ছবি: সৌজন্য

নানা নেতিবাচক খবরের মধ্যেই একটু সুখবর। দুবাই ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান। আজ শেষ রাউন্ডে দুবাইয়ের আল হোসনি ওমরানকে হারিয়ে জুনিয়র (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। ৯ ম্যাচে ফাহাদ পেয়েছে ৮ পয়েন্ট। মানে সাত জয় আর দুটি ড্র। ফাহাদকে হারাতে পারেনি কেউ।


এর আগে ফাহাদ কাল রাতে ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সঙ্গে ড্র করে। এই ড্রয়েই চ্যাম্পিয়নের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল ফাহাদের। গতকালও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টুর্নামেন্টে অপরাজিত এই দাবাড়ু।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রাইজমানি হিসেবে ফাহাদ পাবে প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা (২ হাজার ইউএস ডলার), শেখ মাখতুম বিন হামদান আল মাকতু কাপ ও একটি সোনার পদক। টুর্নামেন্টে ফাহাদের পৃষ্ঠপোষকতা করেছে মাহিন্দ্র কমভিবা।