দুবাইয়ের পর সিঙ্গাপুরের অপেক্ষা
টেস্ট মর্যাদা যাচ্ছে না, থাকছে মাথা উঁচু করে বিশ্ব ক্রিকেট সভায় অধিকার নিয়ে কথা বলার সুযোগও। শঙ্কার কালো মেঘ কেটে গিয়ে এ দেশের ক্রিকেটপ্রেমীদের মনে তাই আপাতত স্বস্তির ঝলমলে রোদ। কিন্তু এ স্বস্তি কতটা স্থায়ী? পরশু আইসিসির কার্যনির্বাহী বোর্ডের প্রথম দিনের সভা শেষে আনুষ্ঠানিক বিবৃতিটা আপাতত দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে সত্যি। কিন্তু ভবিষ্যতে নতুন কোনো শঙ্কার বীজও কি বপন করা হয়নি সেখানে?
বলা হয়েছে, ‘যোগ্যতার ভিত্তিতে সব দেশই ক্রিকেটের সব সংস্করণ খেলতে পারবে। কোনো দেশকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে না, সদস্য দেশগুলোর মর্যাদায় কোনো পরিবর্তন আসবে না।’ ‘যোগ্যতার ভিত্তিতে’ কথাটার মধ্যে যে ফাঁকটা রয়ে গেছে সেটা লক্ষণীয়। ‘যোগ্যতা’ কীভাবে নির্ধারিত হবে, কারা নির্ধারণ করবেন সেটা স্পষ্ট করা হয়নি।
আইসিসি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি স্বাক্ষর বা প্রস্তাব পাস না হলেও বেশ কিছু ব্যাপারে ‘সর্বসম্মতভাবে’ একমত হয়েছে সভা। কিন্তু বৈঠকে উপস্থিত ‘বিগ থ্রি’র বাইরের একটি দেশের প্রতিনিধি ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘সর্বসম্মতভাবে কথাটা বিভ্রান্তিকর। আমাদের সামনে কিছু সংশোধিত প্রস্তাব রাখা হয়েছে এবং আমরা সেগুলো আমাদের বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি। সেখানে আলোচনা হবে। এর বাইরে এ বিষয়ে আমাদের অন্য কোনো অবস্থান নেই।’ বোর্ডগুলোর নিজস্ব আলোচনা-বিশ্লেষণ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে আবার বসবে আইসিসির সভা। চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সেখানেই।
সেই সিদ্ধান্ত যাই হোক, দুবাইয়ের সভা একটা জিনিস পরিষ্কার করেছে, আপাতত দুই ধাপের টেস্ট ক্রিকেট চালু করতে না পারলেও আর্থিক ও বাণিজ্যিক দাবিগুলো ভালোই আদায় করে নিচ্ছে ‘জমিদাররা’। ক্ষমতার ছড়িও থাকছে ওদের হাতেই। আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের প্রধানকে নিয়ে গড়া এক্সিকিউটিভ বোর্ড আর বিভিন্ন কমিটিকে নিয়ন্ত্রণের জন্য চার সদস্যের এক্সিকিউটিভ কমিটি (এক্সকো) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। মূল প্রস্তাবে বলা হয়েছিল, এর স্থায়ী সদস্য হবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর বাকি সাতটি দেশ থেকে আসবে চতুর্থ সদস্য। নতুন খসড়া প্রস্তাবে চারটির জায়গায় এক্সকোতে পাঁচ সদস্য রাখার কথা বলা হয়েছে। আইসিসি দাবি করছে, এতে রাজি বাকি সব সদস্য!
বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির প্রথম চেয়ারম্যান হবে ভারত থেকে, আগামী জুন মাসেই আইসিসি বোর্ডের সবচেয়ে ক্ষমতাধর পদটা যাবে ওদের কাছে। অন্য দুটি গুরুত্বপূর্ণ কমিটি এক্সকো এবং অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটির (এফঅ্যান্ডসিএ) প্রধান হিসেবে প্রথমে থাকছে ‘জমিদারি’ প্রত্যাশী অন্য দুই দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধি। আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী এটাও নাকি সভায় সবাই মেনে নিয়েছে।
সবার মানার খবর না জানা গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নিচ্ছে বলেই জানা গেছে। টেস্ট মর্যাদা অক্ষুণ্ন থাকছে—এই নিশ্চয়তা পাওয়ার পরই পুনর্গঠন প্রক্রিয়ার পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তে পূর্ণ সদস্য ১০ দেশের সাতটির ভোটই নিশ্চিত করল ‘বিগ থ্রি’। সিঙ্গাপুরের সভার আগে আর একটি দেশের সমর্থন জোগাড় করার জন্য কাজ করে যাচ্ছে বোর্ড তিনটি।
মজার ব্যাপার হচ্ছে, বিশ্ব ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাওয়ায় অন্য বোর্ডগুলো ‘বিগ থ্রি’র ওপর খেপা হলেও এর মূল ধারণাটা নাকি এদের নয়। এই ‘বুদ্ধি’টা নাকি আইসিসি সভাপতি নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাকের মস্তিষ্কপ্রসূত! আইসিসির বিবৃতিতে স্বীকারও করেছেন আইজ্যাক। তাঁর আফসোস, খসড়া প্রস্তাবটা টেবিলে ওঠার আগেই সংবাদমাধ্যমে তা ফাঁস হয়ে গেছে! হতে পারে আইজ্যাক তখনো বুঝতে পারেননি যে তিনি শিয়ালের কাছে মুরগি ভাগা দিচ্ছেন। কিংবা কে জানে, হয়তো পুরোপুরি জেনে-বুঝেই করেছেন।
সম্পূরক তথ্য হিসেবে জেনে রাখতে পারেন—‘বিগ থ্রি’র প্রস্তাবের বিরোধিতা করেছে যে বোর্ডগুলো তাদের মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট ছিল না। ওয়েবসাইট।
কয়েকটি সংশোধিত প্রস্তাব
যোগ্যতার ভিত্তিতে সব দেশই ক্রিকেটের সব সংস্করণ খেলতে পারবে। কোনো দেশকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে না, সদস্য দেশগুলোর মর্যাদায় কোনো পরিবর্তন আসবে না।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া বাকি সব পূর্ণসদস্য দেশের মধ্যে টেস্ট ক্রিকেট তহবিল সমানভাবে বণ্টন করা হবে।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ পাঁচ সদস্য নিয়ে এক্সিকিউটিভ কমিটি (এক্সকো) এবং অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটি (এফঅ্যান্ডসিএ) গঠন।