দুবাইয়ের ফুটবল-দূত ম্যারাডোনা
ম্যারাডোনা নতুন চাকরি পেয়েছেন। না, কোনো দলের দায়িত্ব তাঁর কাঁধে চাপেনি। তিনি কাঁধে তুলে নিয়েছেন দুবাইয়ের ফুটবল-দূতের দায়িত্ব। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আমিরাত দুবাইয়ের ফুটবল উন্নয়নে প্রতিনিধির দায়িত্ব পালন করবেন ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি।গত জুলাই মাসে দুবাইয়ের আল-ওয়াসল ক্লাব কোচের পদ থেকে বরখাস্ত করেছিল ম্যারাডোনাকে। কারণ ছিল দলের কোচের দায়িত্ব নিয়ে দুবাইয়ের এ ক্লাবটিকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না-পারা। এরপর থেকে নিভৃতে দুবাইয়ে সময় কাটাচ্ছিলেন তিনি। মাঝখানে চীনে কোনো একটা ক্লাবের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন—এমন গুঞ্জনও উঠেছিল। সবকিছু ছাপিয়ে সেই আমিরাতে নতুন একটা চাকরি পেয়ে গেলেন আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো এই ফুটবল গ্রেট।দুবাইয়ের ফুটবল-দূতের দায়িত্ব হাতে নিয়ে যারপরনাই খুশি ডিয়েগো ম্যারাডোনা। বলেছেন, সর্বোচ্চ সুযোগ-সুবিধার বিনিময়ে তিনি এই দায়িত্ব হাতে নিয়েছেন। দুবাই স্পোর্টস কাউন্সিলের হয়ে তিনি কাজ করবেন। পরিকল্পনা দেবেন নতুন প্রতিভা অন্বেষণের। সব মিলিয়ে ৫১ বছর বয়সী ম্যারাডোনার জন্য অত্যন্ত সম্মানজনক এই নতুন চাকরি।দুবাইয়ের ফুটবল-দূতের দায়িত্ব ম্যারাডোনা যে বিপুল অঙ্কের বিনিময়ে নিয়েছেন, সেটা বলাই বাহুল। কিন্তু দুবাই স্পোর্টস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ম্যারাডোনার সঙ্গে তাদের চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি। অসমর্থিত এক সূত্রের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানিয়েছে, ম্যারাডোনার সঙ্গে দুবাই স্পোর্টস কাউন্সিলের যে চুক্তি হয়েছে তার মূল্য পাঁচ মিলিয়ন ডলারের বেশি। আল-ওয়াসল তাঁকে বরখাস্ত করায় ক্ষতিপূরণ বাবদ ম্যারাডোনার যে অর্থ পাওনা ছিল, তা-ও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।এদিকে, ম্যারাডোনা কোচিং থেকে অবসর নিচ্ছেন—এমন গুজব উড়িয়ে দিয়েছেন খোদ ম্যারাডোনা নিজেই। তিনি বলেছেন, ‘আমি এ কাজটি নিয়ে কেবল কোচিং পেশা থেকে কিছুদিনের বিশ্রামে যাচ্ছি। আপাতত কোচিং থেকে অবসর নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’ ওয়েবসাইট।