স্বাগতিক ব্রাজিল তো খেলবেই, নিশ্চিত এশিয়ার চারটি দেশও। আজ শুরু বাছাইপর্বের এই রাউন্ডে ব্রাজিলের টিকিট পেয়ে যেতে পারে আরও কয়েকটি দল
দুয়ারে জার্মানি, ইতালি ও হল্যান্ড
ক্লাব ফুটবলের ডামাডোল থেকে আজ আবার পাদপ্রদীপে আন্তর্জাতিক ফুটবল। ব্রাজিল বিশ্বকাপের টিকিটটা এই সপ্তাহেই কেটে ফেলতে পারে জার্মানি, হল্যান্ড ও ইতালি। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড ও পর্তুগালের অপেক্ষাটা অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত বাড়তে পারে।
কুইজের প্রশ্ন হতে পারে—বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা একমাত্র দেশ কোনটি? গ্রুপ ‘ডি’-এর ছয় ম্যাচ থেকে সর্বোচ্চ ১৮ পয়েন্ট তুলে নিয়েছে ডাচরা। যেভাবে এগোচ্ছে, তাতে হল্যান্ডের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় সামান্যই। পরের দুই ম্যাচের প্রতিপক্ষ একেবারে নিচের দুই দল এস্তোনিয়া ও অ্যান্ডোরা।
‘সি’ গ্রুপে নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির ব্যবধান ৫ পয়েন্ট। ৬ ম্যাচে তাদের ১৬ পয়েন্ট, এই সপ্তাহের দুটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির আজকের ম্যাচটি মিউনিখে বলেই জার্মানির জয়টাই প্রত্যাশিত। কিন্তু জোয়াকিম লো উদ্বিগ্ন তাঁর রক্ষণ নিয়ে। শেষ তিনটি প্রীতি ম্যাচে জার্মানি হজম করেছে ৯টি গোল! জার্মানির কোচ এ ম্যাচে চাইছেন আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য রেখে খেলবে তাঁর ছেলেরা, ‘শুধু আক্রমণেই ভালো হলে হবে না, রক্ষণেও ভালো হতে হবে আমাদের। তার মানে এই নয়, আমরা রক্ষণাত্মক খেলব।’
স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের মাথাব্যথা গোলপোস্ট। বরাবরই ইকার ক্যাসিয়াস ছিলেন দেল বস্কের প্রথম পছন্দ। কিন্তু ক্যাসিয়াস যে রিয়াল মাদ্রিদের প্রথমে একাদশেই জায়গা পাচ্ছেন না! ক্যাসিয়াস নাকি ভালদেজ-রেইনাদের কেউ হবেন স্পেনের শেষ প্রহরী? দেল বস্ক সিদ্ধান্তটা নাকি জানা যাবে শুধু ম্যাচের সময়। বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ ‘আই’তে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও মাত্রই ১ পয়েন্ট পিছিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স। আজ স্পেনকে আতিথ্য দেবে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডই গত মার্চে স্পেন থেকে ফিরেছিল ড্র করে। ফ্রান্স খেলবে জর্জিয়ার সঙ্গে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের উদ্বেগ আক্রমণভাগ নিয়ে। গত তিনটি ম্যাচে বেনজেমারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি!
১৪ পয়েন্ট নিয়ে ইতালি ‘বি’ গ্রুপের শীর্ষে, দ্বিতীয় বুলগেরিয়া পিছিয়ে ৪ পয়েন্টে। আজ ঘরের মাঠে (পালের্মো) বুলগেরিয়ার সঙ্গেই ইতালির ম্যাচ। ৫ পয়েন্ট পিছিয়ে থাকা চেক প্রজাতন্ত্রের সঙ্গে পরের ম্যাচটাও নিজেদের মাঠে (তুরিন)। এই দুই ম্যাচ জিততে পারলে এ সপ্তাহেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে। কোচ সিজারে প্রানদেল্লিকে স্বস্তি দিচ্ছে না চোট। বালোতেল্লিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়ে খর্বই হয়েছে ইতালির শক্তি।
চোট ইংল্যান্ড কোচ রয় হজসনকেও দিয়েছে ধাক্কা। মাথায় আঘাত পেয়ে আজ মলদোভার বিপক্ষে খেলতে পারবেন না রুনি। গ্রুপ ‘এইচ’-এ ইংল্যান্ড অবশ্য মন্টেনেগ্রোর চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে, তবে ম্যাচ খেলেছে একটা কম।
আজ ‘এফ’ গ্রুপে রোনালদোর পর্তুগালের মুখোমুখি উত্তর আয়ারল্যান্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকলেও পর্তুগাল বেশি খেলেছে দুই ম্যাচ। আর আজকের ম্যাচ জিতে নিজ নিজ গ্রুপের শীর্ষে অবস্থান আরও সংহত করতে পারে বেলজিয়াম, সুইজারল্যান্ড ও বসনিয়া। এএফপি।