দুয়োটাকে প্রাপ্যই মানছেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ বছরে এজবাস্টনে যত ম্যাচ খেলেছে পাকিস্তান, সব কটি ম্যাচ দেখেছেন বার্মিংহামের এক পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার। শুধু এবারই টিকিট কেনেননি। কারণ? এই দলের ব্যাটিংয়ের ওপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের দুঃখেও হয়তো একটু সান্ত্বনা পেয়েছেন ওই ট্যাক্সি ড্রাইভার, তাঁর কষ্টার্জিত পাউন্ড নষ্ট হয়নি!

এজবাস্টনের রাতে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যে সঞ্জয় মাঞ্জরেকার একপর্যায়ে বললেন, ‘আমার বেড়ে ওঠার দিনগুলোয়, এমনকি ভারতীয় দলে খেলার সময়ও আমি, আমরা চাইতাম পাকিস্তানের মতো খেলতে। ওদের মতো নির্ভীক, রোমাঞ্চকর ব্যাটিং করতে। আর এখন...!’

এখন? ওয়াসিম-ওয়াকারের মতো কেউ না থাকলেও বোলিংটা এখনো দুর্দান্ত। কিন্তু পাকিস্তানের ব্যাটিং থেকে উবে গেছে সেই রোমাঞ্চ, নেই সেই ভয়ডরহীন খেলা। অতি সাবধানী ব্যাটিংটা সময়ের সঙ্গে একেবারেই

বেমানান। কয়েক বছর ধরেই বলাবলি হচ্ছিল এসব। চ্যাম্পিয়নস ট্রফির দুটি ম্যাচের পর এই সত্যি এখন যেন প্রতিষ্ঠিত। পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেট লিখিয়ে কামরান আব্বাসীর মতে, ক্যারি প্যাকার যুগের পর এটাই সম্ভবত পাকিস্তানের দুর্বলতম ব্যাটিং লাইনআপ, যে লাইনআপে নেই দুর্দান্ত টেকনিকের কোনো ব্যাটসম্যান, কারও নেই স্ট্রোকের ফুলঝুরি ছোটানোর সামর্থ্য। নেই আসলে কিছুই!
ব্যতিক্রম বলা যায় শুধু একজনকেই। প্রথম ম্যাচে অপরাজিত ৯৬ করে দলকে লড়াই করার মতো একটা স্কোর এনে দিয়েছিলেন। পরশুও মিসবাহ-উল-হক যতক্ষণ উইকেটে ছিলেন, নিভু নিভু হয়েও জ্বলছিল পাকিস্তানের আশার প্রদীপ। ৫৫ রান করে মিসবাহ আউট হতেই শেষ সব সম্ভাবনা। ৪২তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগেই অবশ্য সমীকরণটা পাকিস্তানের প্রায় অসাধ্য হয়ে উঠেছিল—৫২ বলে প্রয়োজন ছিল ৮৭ রান। শেষ পর্যন্ত ২৩৪ রান তাড়া করতে নেমেও পাকিস্তানের হার ৬৭ রানের বড় ব্যবধানে!
প্রথম ম্যাচে মিসবাহ ও জামশেদ করেছিলেন ১৪৬, বাকি নয় ব্যাটসম্যান মিলে ১৮। এদিন মিসবাহ-জামশেদ মিলে ৯৭, বাকি নয় ব্যাটসম্যান মিলে ৫৫! পরশু ৪৫ ওভার খেলেছে পাকিস্তান, মানে ২৭০ বল। এর মধ্যে ১৭৬টিই ছিল ‘ডট’! বাউন্ডারি মাত্র ১১টি। ৫০ হতে লেগেছে ১৯.১ ওভার, এক শ ছুঁতে ৩২.১ ওভার! অনেক দিন ধরেই প্রশ্ন আছে মিসবাহর ব্যাটিং নিয়েও। কিন্তু নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার জন্য অন্তত কৃতিত্ব দিতেই হবে পাকিস্তান অধিনায়ককে।

তবু ম্যাচ শেষে দুয়োধ্বনি শুনতে হলো মিসবাহকে। এজবাস্টনের ২৫ হাজার দর্শকের বেশির ভাগই ছিল প্রবাসী পাকিস্তানি। দুয়োটাকে অবশ্য প্রাপ্য বলেই মেনে নিলেন পাকিস্তান অধিনায়ক, ‘কখনো শোনা যায় পাকিস্তান জিন্দাবাদ, কখনো দুয়ো। এ ধরনের খেললে অবশ্য সমর্থকদের অধিকার আছে এমন করার।’ স্থিতধী মিসবাহও দলের ব্যাটিং নিয়ে ক্ষোভটা প্রকাশ না করে পারলেন না, ‘দায়িত্বটা ক্রিকেটারদেরই নিতে হবে। ক্রিকেটাররা ভালো না করলে দলকে ভুগতে হবেই। এই মুহূর্তে কেউই দলে নিজের জায়গার প্রতি সুবিচার করছে না। কেউ রান পাচ্ছে না। বোলিং দুর্দান্ত হয়েছে, ফিল্ডিং দুই ম্যাচেই ছিল সবচেয়ে ইতিবাচক দিক। কিন্তু ব্যাটিংটা কিছুই হয়নি।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেট একটু মন্থর হয়ে যাওয়াটাকেও অজুহাত হিসেবে দাঁড় করালেন না মিসবাহ, ‘উইকেট তো অনেকটাই পাকিস্তানের মতো। এ ধরনের উইকেটে আমরা অসংখ্যবার খেলেছি। উইকেট কঠিন ছিল, বলার উপায় নেই।’

মিসবাহ যখন কথাগুলো বলছিলেন তখনও সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা বেঁচে ছিল পাকিস্তানের। কাল ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে হেরে যাওয়ায় সেটাও শেষ হয়ে গেছে। এএফপি, ওয়েবসাইট।