দুরন্ত-দুর্বার জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক থেকে এবার আর খালি হাতে ফিরলেন না নোভাক জোকোভিচ। আগে দুবার ফাইনালে উঠলেও হেরেছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালের কাছে। তৃতীয়বারে হার নয়। জয় দিয়েই ভুললেন আগের হতাশা।জোকোভিচ আসলে হারতে ভুলেই গেছেন। যেকোনো পরিস্থিতি থেকে অবিশ্বাস্যভাবে ফিরে আসছেন ম্যাচে। সেমিফাইনালে ফেদেরারের বিপক্ষে ২-০ গেমে পিছিয়ে ছিলেন, তার পরও দারুণভাবে জিতলেন। ফাইনালে মনে হচ্ছিল পিঠের ব্যথাটা শিরোপা জয়ের পথে না বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কোথায় কি, জোকোভিচ দুরন্ত, দুর্বার। নাদালকে হারালেন আরেকটি ফাইনালে। এ বছর টানা ছয়বার!প্রথম দুই সেট সহজেই জিতে নিয়েছিলেন। তৃতীয় সেটে এগিয়ে থেকেও টাইব্রেকারে হার। এরপর পিঠের ব্যথার জন্য মেডিকেল টাইম আউট নেওয়া। ব্যথায় সোজা হয়েই দাঁড়াতে পারছিলেন না। বারবার হাত চলে যাচ্ছিল পিঠে। মনে হচ্ছিল, জোকোভিচের স্বপ্ন শেষ। কিন্তু পিঠে ব্যথা নিয়েই নিজের সেরা খেলাটা খেললেন চতুর্থ সেটে। পাত্তাই পেলেন না আগের সেটে নিজেকে কিছুটা হলেও ফিরে পাওয়া নাদাল।আগের বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের বিপক্ষে জয়টা এল ৬-৪, ৬-২, ৬-৭ (৩/৭), ৬-১ গেমে। বছরের তৃতীয় ও ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতে বিশ্বের এক নম্বর তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন।স্কোর দেখলে ভুল বুঝতে পারেন। তবে ৪ ঘণ্টা ১০ মিনিটের এই ম্যাচে এমন কিছু শট খেলেছেন দুজনই, এমন কিছু র‌্যালি হয়েছে ম্যাচে, এককথায় অবিশ্বাস্য। ঘুম বাদ দিয়ে টিভি পর্দায় যাঁরা চোখ রেখেছিলেন, রাত জাগা সার্থক!এটি এ বছর জোকোভিচের ৬৪তম জয়। হেরেছেন মাত্র দুটিতে। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ফেদেরারের কাছে না হারলে কে জানে হয়তো বছরের চারটি গ্র্যান্ড স্লামও হয়ে যেত তাঁর। যা করেছেন, সেটিই বা কম কী! তাঁর ক্যারিয়ারের চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার তিনটিই জিতেছেন এ বছর। উন্মুক্ত যুগে এক বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জেতা ষষ্ঠ খেলোয়াড় জোকোভিচ।ঘোর যেন কাটছেই না চ্যাম্পিয়নের, ফাইনালের পর বলেছেন, ‘ইউএস ওপেন, সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে। বিস্ময়কর এক বছর কাটছে। রাফার সঙ্গে খেলাটা খুব বড় চ্যালেঞ্জ। আশা করছি, সামনে আমাদের আরও অনেক কঠিন ম্যাচ হবে।’১০টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে, ‘হেরে যাওয়ায় আমি হতাশ, তবে নোভাক এ বছর যা করেছে, তা আবার করা অসম্ভব।’ফাইনালে নাদালের ১১টি সার্ভিস ব্রেক করেছেন জোকোভিচ। অথচ ২০১০ সালে পুরো ইউএস ওপেনে মাত্র পাঁচবার সার্ভিস ব্রেক হয়েছিল নাদালের। স্বাভাবিকভাবেই নাদাল হতাশ, ‘এটা সত্যি, আজ রাতে আমার সার্ভ ভালো হয়নি।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।জোকোভিচের ২০১১গ্র্যান্ড স্লাম জয়৩টি (অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন)মাস্টার্স জয়৫টি মোট শিরোপা১০টিমোট জয়-পরাজয়৬৪-২গ্র্যান্ড স্লামে জয়-পরাজয়২৫-১প্রাইজমানি১ কোটি ৬ লাখ ৯ হাজার ৩১৮ ডলারর‌্যাঙ্কিং১