‘সুন্দর ফুটবল’ ‘সুন্দর ফুটবল’ জিকির শুনে কার্লোস দুঙ্গার নিশ্চয়ই কান পচে যাওয়ার দশা! কত সমালোচনা এই দলকে ঘিরে। কিছুটা হলেও তার পাল্টা জবাব কাল দিয়ে রাখল ব্রাজিল। কাল জোহানেসবার্গে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্রাজিলের সামনে বাধা এখন হল্যান্ড।প্রথমার্ধেই হুয়ান আর লুইস ফ্যাবিয়ানোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। চিলিকে বিদায়ের চোখ রাঙানি দেখিয়ে এক পা দিয়ে রেখেছিল শেষ আটে। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন রবিনহো, চিলির বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়েছিলেন এই স্ট্রাইকার। চিলি আর ব্রাজিল—প্রতিবেশী দুই দেশ হলেও ফুটবল-মানচিত্রে যোজন যোজন দূরত্ব। কিন্তু মার্সেলো বিয়েলসার এই চিলি সাহসী, রোমাঞ্চপ্রিয়। এবার টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেও। কালও শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম গোলটি পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষাও করতে হয়েছে ব্রাজিলকে। কিন্তু এরপর ম্যাচের প্রায় বাকিটা সময়জুড়ে ব্রাজিলেরই আধিপত্য।ব্রাজিলের প্রথম গোলদাতার নাম অবশ্যই চমক। হুয়ানের কাজ গোল দেওয়া নয়, রক্ষণ সামলানো। মাইকনের কর্নার থেকে বেশ খানিকটা লাফিয়ে হেড করে ব্রাজিলকে এগিয়ে দেন এই সেন্টার ব্যাক। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য একদমই সময় নেয়নি ব্রাজিল। রবিনহোর ঠেলে দেওয়া বল পেয়েছিলেন কাকা। দুই ডিফেন্ডারের ফাঁকে দাঁড়িয়ে থাকা ফ্যাবিয়ানোর কাছে বল বাড়িয়ে দেন তিনি। টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ানো।