দুরন্ত রাজশাহীর নাটকীয় জয় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং কিংসের বিপক্ষে বিপিএলের প্রথম ম্যাচে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যাওয়ার পর হয়তো হার নিশ্চিতই ধরে রেখেছিলেন দুরন্ত রাজশাহীর সমর্থকরা। ম্যাচের প্রায় পুরোটা সময়ই খেলার পরিস্থিতি ছিল চিটাগাংয়ের দিকে। কিন্তু দুর্দান্ত বোলিং-ফিল্ডিং দিয়ে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। মাত্র ২ রানের অবিশ্বাস্য এক নাটকীয় জয় দিয়ে বিপিএলের দ্বিতীয় আসরের সূচনাটা দুরন্তভাবেই করেছে তামিম ইকবালের দুরন্ত রাজশাহী। জয়ের জন্য ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে চিটাগাংয়ের প্রয়োজন ছিল ৩ রান। হাতে ছিল ৩ উইকেট। প্রথম তিন বলেই তিনটি উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য এই জয় পেয়েছে রাজশাহী। অথচ এর আগে জয় দিয়ে বিপিএলের দ্বিতীয় আসর শুরুর কাজটা বল হাতেই প্রায় সেরে রেখেছিলেন চিটাগাং কিংসের ক্রিকেটাররা। ভালো ফিল্ডিং-বোলিংয়ে ভর করে দুরন্ত রাজশাহীকে মাত্র ৯৯ রানেই গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে চিটাগাং। তবে অনায়াস এই কাজটাও অসম্ভব করে দিয়েছেন রাজশাহীর বোলার-ফিল্ডাররা। নাঈম ইসলাম, তাজিউল ইসলাম, আবুল হাসানরা মাঝেমধ্যেই তৈরি করেছেন আকস্মিক উত্তেজনা। প্রথম তিন ওভারের মধ্যে মাত্র ১৬ রানেই চিটাগাংয়ের দুই বিদেশি ওপেনার জেসন রয় ও ব্রেন্ডন টেলরকে সাজঘরমুখী করে রাজশাহী। সেই সঙ্গে রানের চাকা ঘোরাতেও খানিকটা কষ্টই করতে হয়েছে চিটাগাংয়ের ব্যাটসম্যানদের। সেই সময় মনে হয়েছিল, ২৫ রানের মাথায় রবি বোপারাকে সাজঘরে পাঠিয়ে যেন অসম্ভবকেই সম্ভব করার চেষ্টা করছে তামিমের দুরন্ত রাজশাহী। চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে জয়টা যেন নাগালের মধ্যেই নিয়ে এসেছিলেন মাহমুদুল্লাহ ও মেহেরাব হোসেন জুনিয়র। ১৩তম ওভারে দলীয় ৬৪ রানের মাথায় এই জুটি ভেঙে আবার ম্যাচের ভাগ্য পরিবর্তন করেন ফরহাদ হোসেন। ১৮ রান করে ফিরে যান মেহরাব। পরের ওভারে নাঈম ইসলামকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান আবুল হাসান। সেসময়ও জয়ের জন্য প্রয়োজন ২৭ রান। দলের খানিকটা বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে অধিনায়কোচিত ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু ১৮তম ওভারে তাঁকে আউট করে আরও একবার খেলার মোড় ঘুরিয়ে দেন আবুল হাসান। ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। শেষ ওভারে জয়ের জন্য চিটাগাংয়ের প্রয়োজন ছিল ৩ রান। শেষপর্যন্ত সেই ২ রানের ব্যবধানেই হেরে যেতে হয় চিটাগাংকে। এর আগে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯৯ রান তুলতে সক্ষম হয় তামিম ইকবালের দল। রাজশাহীর শুরুটাই হয় বাজেভাবে। জ্যাকব ওরামের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানআউট হন জহুরুল ইসলাম (১)। উইকেট পতনের এই ধারা থেকে আর বেরিয়ে আসতে পারেনি রাজশাহী।রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংসটি এসেছে মুখতার আলীর ব্যাট থেকে। অধিনায়ক তামিম ইকবাল করেন ১৭ রান। জিয়াউর রহমানের সংগ্রহ ১৩ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া রাজশাহীর আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। চিটাগং কিংসের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ ও রবি বোপারা। একটি করে উইকেট নেন জ্যাকব ওরাম ও এনামুল হক জুনিয়র।

বিপিএলের এবারের আসরে এটাই চিটাগং কিংস ও দুরন্ত রাজশাহীর প্রথম ম্যাচ। গতকাল আসরের উদ্বোধনী দিনে জয় পায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস।