দুরন্ত রাজশাহীর স্বস্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে দর্শক-ভাটা থাকছেই। তবে ডাগ আউটে টেনশনের অভাব নেই। কালই যেমন কখনো দুরন্ত রাজশাহীর কর্মকর্তার মাথায় হাত তো কখনো সিলেট রয়্যালসের কেউ হতাশায় মুহ্যমান। বিপিএলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ কি এটিই!মোটেও তা নয়। ঘটনা হলো, এটি ছিল প্রথম দুই ম্যাচেই পরাজিত দুই দলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের রাজশাহী-সিলেটের ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছিল মর্যাদার লড়াই। সেই লড়াইয়ে সিলেট রয়্যালসকে ১৬ রানে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল দুরন্ত রাজশাহী। আর সিলেট রয়্যালস ডুবল টানা তৃতীয় পরাজয়ের হতাশায়।বিপিএলে চলছে পাকিস্তানিদের সঙ্গে ক্যারিবীয়দের লড়াই। ক্যারিবীয়রা একটু বোধ হয় এগিয়েই যাচ্ছে। কাল দুরন্ত রাজশাহীকে জিতিয়ে যেমন ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিলেন জ্যামাইকান মারলন স্যামুয়েলস। ২৫ রানে দুই ওপেনার ফিরে গেলেও তৃতীয় ও চতুর্থ উইকেটজুটি জেতার মতো রান এনে দেয় রাজশাহীর স্কোরবোর্ডে। অধিনায়ক মুশফিকুর (৩৩) ও পাকিস্তানি রাজ্জাকের (৩০) সঙ্গে ৫৬ ও ৫৩ রানের দুটি জুটিরই নেতৃত্বে ছিলেন স্যামুয়েলস। ৪৮ বলে ৭২, তিন বাউন্ডারির সঙ্গে ছক্কা পাঁচটি। তবে ৪৯ রানে হগের বলে ডিপ মিড উইকেটে নাঈম ইসলাম ক্যাচ না ফেললে এতটা ভয়ংকর হতে পারতেন না স্যামুয়েলস।সিলেটের জন্য দিনটাই বোধ হয় ছিল বাজে ফিল্ডিংয়ের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে আইকন খেলোয়াড় অলক কাপালিও বললেন, ‘তিন ম্যাচে আমাদের তিনটা বিভাগ খারাপ করেছে। প্রথম ম্যাচে বোলিং, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং আর আজ (গতকাল) ফিল্ডিং।’ এর আগে প্রথম ম্যাচে ক্যাচ মিসের সবচেয়ে দুরন্ত মহড়া দিয়েছিল দুরন্ত রাজশাহীও। সেই প্রসঙ্গ টেনে কাল সিলেটকেও যেন একটু সান্ত্বনা দিলেন স্যামুয়েলস, ‘ফ্লাডলাইটের নিচে সব সময়ই ক্যাচ নিতে সমস্যা হয়। তবে এটাও ঠিক, ম্যাচ জিততে হলে ক্যাচ নিতেই হবে।’ক্যাচের আলোচনা এল ম্যাচের টার্নিং পয়েন্ট প্রসঙ্গেও। ফাওয়াদ আলমের দুর্দান্ত এক ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে মনে করেন স্যামুয়েলস। ইমরুল কায়েসের (২২) সঙ্গে ৩২ রানের উদ্বোধনী জুটির পর অধিনায়ক পিটার ট্রেগোকে (৩৭) নিয়ে দ্বিতীয় উইকেটে ৭১ রান, তখন পর্যন্ত সিলেট রয়্যালসকে সঠিক পথেই রেখেছিলেন পাকিস্তানি ওপেনার কামরান আকমল (৫৬)। ১১৮ রানে কামরান ফিরে গেলে সোহেল তানভীরের সঙ্গে ৩ ওভারে ২৬ রানের জুটিতে শেষটাও প্রায় করে ফেলছিলেন অলক। কিন্তু সামির করা ১৮তম ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে ফাওয়াদের অসাধারণ ওই ক্যাচ ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেয় তাঁকে। শেষ ২ ওভারে জেতার জন্য ২৮ রান দরকার থাকলেও হাতে ৬ উইকেট রেখে সিলেট রয়্যালস করতে পেরেছে মাত্র ১১ রান। সংক্ষিপ্ত স্কোরদুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১৭১/৮ (স্যামুয়েলস ৭২, মুশফিক ৩৩, রাজ্জাক ৩০, জুনায়েদ ১১; অলক ৩/২৭, সোহেল ২/৩১, ট্রেগো ২/৩৩, নাঈম ১/১৫)। সিলেট রয়্যালস: ২০ ওভারে ১৫৫/৪ (কামরান ৫৬, ট্রেগো ৩৭, ইমরুল ২২, অলক ১৪, সোহেল ১২*; ফাওয়াদ ১/১৫, স্যামুয়েলস ১/২২, সামি ১/২৭, সাকলাইন ১/২৯)। ফল: দুরন্ত রাজশাহী ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।