দুর্গম গিরি কান্তার মরু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০-এর ভূত কি তাড়া করবে ইতালিকে? ১৯৩৮ বিশ্বকাপের পর মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরতি। এরপর ১৯৫০-এ বিশ্বকাপের চতুর্থ আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সেবার বাদ পড়েছিল প্রথম রাউন্ডেই! এবার ইতালিকে নিয়ে যেসব সমালোচনা হচ্ছে, তাতে ১৯৫০ না হোক, নিদেন ফিরে আসতে পারে ১৯৮৬-এর ভূত। কী হয়েছিল সেবার? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই! ২০০৬-এর আগে যে তিনবার শিরোপা জিতেছিল ইতালি, তার দুবারই পরের আসরে চূড়ান্ত রকমের লজ্জা। শিরোপার মুকুট মাথায় থাকার ভার কি তবে সইতে পারে না ইতালিয়ানরা! এই বিশ্বকাপ হয়তো দিয়ে দেবে সেই উত্তর। আর সেই উত্তরের সুলুকসন্ধান শুরু হয়ে যাচ্ছে আজই। বর্তমান ইতালি নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের।ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতালি পাঁচ নম্বরে। তার পরও কেন এত শঙ্কা? কারণটা গত বিশ্বকাপের পর থেকে তাদের পথ হারানো। ২০০৮ ইউরোতে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল বটে, কিন্তু পুরো টুর্নামেন্টে ৪ ম্যাচে ১ জয়। ২০০৯ কনফেডারেশনস কাপে তো বাদ পড়ল প্রথম রাউন্ডেই। ইতালির সাম্প্রতিক ম্যাচগুলোর ফলও ভালো নয়। প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র, মেক্সিকোর কাছে হার।লিপ্পি তাই যতই বলুন, টানা দুবার শিরোপা জিততে প্রস্তুত তাঁর দল, তাতে খুব একটা আস্থা রাখতে পারছে না সমর্থকেরা। প্রথম খেলায় প্রতিপক্ষ প্যারাগুয়ে হওয়ায় সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে আরও। বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো প্যারাগুয়েকে সামলানো খুব একটা সহজ হবে না তাদের জন্য।অধিনায়ক ক্যানাভারো আশার বাণী শোনাচ্ছেন, ‘দলে মেসি, রোনালদোর মতো তারকা না থাকলেও শিরোপা জেতার ব্যাপারে আমরা আশাবাদী। তবে সেটা কীভাবে করব, তা জানি না!’ আর জিয়ানলুকা জামব্রোত্তা বলেছেন, ‘আমাদের কখনোই কেউ ফেবারিট হিসেবে ধরে না। ২০০৬ সালেও ধরেনি। সেখান থেকেই আমরা বিশ্বকাপ জিতেছি। আমাদের সমালোচনা করার জন্য একটা দল সব সময় তৈরি হয়ে থাকে। তবে তারা জানে না এই সমালোচনাই আমাদের আরও ঐক্যবদ্ধ করে তোলে। সমালোচনা না হলে চারবার বিশ্বকাপ জিততে পারতাম কি না কে জানে!’ ক্যানাভারোর বিশ্বাস, ইতালি দলটা এখনো অগোছালো থাকলেও খেলা শুরু হলেই বদলে যাবে সব। কারণ তাদের আছে সর্বোচ্চ পর্যায়ে ভালো খেলার ইতিহাস। জীবনের শেষ বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চান ৩৬ বছর বয়সী ক্যানাভারো।মার্সেলো লিপ্পির কথাটা প্রেরণার উৎস হতে পারে ক্যানাভারোর জন্য। সমর্থকদের আশার বাণীই শুনিয়ে যাচ্ছেন তিনি, ‘বয়স বাড়লে ফুটবল ভালো খেলা যাবে না, এটা আমি মনে করি না। এটা দক্ষতা, অভিজ্ঞতা ও নৈপুণ্যের খেলা।’ এএফপি, ওয়েবসাইট।