
কাল খেলা শেষের ঘণ্টা দুয়েক পর আচমকাই প্রচণ্ড ঝড় কাঁপিয়ে দিল ব্রিসবেন শহরকে। তবে ওই ঝড়ের আগেই গ্যাবায় বিধ্বস্ত ইংল্যান্ড। প্রথমে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ঝড়ে, শেষ বিকেলে বোলিং-তোপে!
ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্কের দুর্দান্ত সেঞ্চুরি আর ব্র্যাড হাডিনের বলের সঙ্গে পাল্লা দিয়ে করা ফিফটিতে ইংল্যান্ডের সামনে ৫৬১ রানের লক্ষ্য ছুড়ে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রানপাহাড়ে চাপা পড়ে ইংলিশরা হোঁচট খেয়েছে শুরুতেই। হারিয়েছে মাইকেল কারবেরি ও জোনাথন ট্রটের উইকেট। ম্যাচের বাকি এখনো দুই দিন, সেই হিসাবে ইংল্যান্ডের আরও ৫৩৭ রান করা কাগজে-কলমে সম্ভব। গ্যাবায় সর্বশেষ অ্যাশেজ টেস্টেই প্রথম ইনিংসে ২২১ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছিল ১ উইকেটে ৫১৭। তবে সেটা ছিল ম্যাচের তৃতীয় ইনিংস, এবার চতুর্থ ইনিংস। সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং ও শরীরী ভাষা মিলিয়ে এবার যা বাস্তবতা, গতবারের মতো অভাবনীয় কিছু করার আশা হয়তো অ্যালিস্টার কুকরাও করছেন না। মোটামুটি তাই নিশ্চিত, ব্রিসবেন দুর্গে সমুন্নত থাকছে অস্ট্রেলিয়ান ঝান্ডা। জিতলে নয় ম্যাচ পর টেস্ট জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া।
কাল দিনের শুরুটা ছিল কিন্তু ইংল্যান্ডের। প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করেছেন অ্যান্ডারসন-ব্রডরা। প্রথম ৯ ওভারে মাত্র ১২ দিয়ে ইংল্যান্ড তুলে নিয়েছিল ক্রিস রজার্স (১৬) ও শেন ওয়াটসনকে (৬)। কিন্তু ক্লার্ক নেমেই পাল্টা-আক্রমণে পাল্টে দেন চিত্র। অধিনায়ককে দেখে গতি ফিরে পান ওয়ার্নারও। তৃতীয় উইকেট জুটিতে ইংলিশ বোলারদের নাকের পানি, চোখের পানি এক করেছেন দুজন। ১৫৮ রানের জুটি গড়েছেন দুজন মাত্র ১৭৫ বলে।

দুজনই ছিলেন নিজেদের পরিচিত চেহারায়। ওয়ার্নারের ব্যাটে ছিল পেশিশক্তি, ক্লার্কের ব্যাটে রেশমি পলব, স্পিনে দুর্দান্ত পায়ের কাজ। ব্যক্তিগত চ্যালেঞ্জের জবাবও দিয়েছেন দুজন। মাঠের বাইরে পথ হারিয়ে ফেলা ওয়ার্নার বারবার দাবি করছিলেন পথে ফেরার। ব্যাট হাতে সেটার প্রমাণ দেওয়ার ছিল। ১৩৫ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর ওয়ার্নারের বাঁধনহারা উদ্যাপনই বলে দিচ্ছিল তাঁর তৃপ্তিটা। ২২ টেস্টে ওয়ার্নারের এটি চতুর্থ সেঞ্চুরি, সর্বশেষটি ছিল ১১ টেস্ট আগে!
সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডে শর্ট বলে বারবার অস্বস্তিতে পড়েছেন ক্লার্ক। এই টেস্টেও প্রথম ইনিংসে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন স্টুয়ার্ট ব্রডের শর্ট বলে। অস্ট্রেলিয়ায় বেড়ে উঠে শর্ট বল খেলতে না পারা তো জলের প্রাণীর সাঁতার না জানার মতোই! ক্লার্কেরও আঁতে ঘা লেগেছিল যথেষ্ট। কাল ক্লার্ক উইকেটে যেতেই আগের আট ইনিংসে তাঁকে ছয়বার আউট করা ব্রডের হাত বল তুলে দিলেন কুক। অনসাইডে পাঁচ ফিল্ডার রেখে আবারও শর্ট বলের তোপ। কিন্তু টানা দুই বলে পুল করে চার মেরে ক্লার্ক জানিয়ে দিলেন, চ্যালেঞ্জটা তিনি নিচ্ছেন। স্ট্রোকের ফুলঝুরিতে ২৫তম টেস্ট সেঞ্চুরি ছুঁলেন মাত্র ১১৫ বলে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে গ্যাবায় পেরিয়েছেন হাজার রানও। প্রিয় মাঠে ৫ সেঞ্চুরিতে ছুঁয়েছেন
গ্রেগ চ্যাপেলকে। ক্লার্কের পর অভিষিক্ত বেইলিকে ফিরিয়ে গ্রায়েম সোয়ান পেয়েছেন ২৫০তম উইকেট।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধার করা হাডিন-জনসন জুটি আবার যন্ত্রণা দিয়েছেন ইংলিশদের। সপ্তম উইকেটে ৯০ রানের জুটি গড়েছেন ৮৭ বলে। জনসন পরে বল হাতে আবারও শর্ট বলে ফিরিয়েছেন ট্রটকে। গতি-বাউন্সের মহড়া আজকেও দেখা যাবে নিশ্চিত! স্টার স্পোর্টস ১।