দুর্ঘটনা, অতঃপর মৃত্যু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁচানো গেল না স্টেফান হেঞ্জকে। জার্মানির ক্যানোয়িং দলের এই কোচ গত শুক্রবার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। জরুরিভাবে অস্ত্রোপচার করে তাঁকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে। পরশু জার্মান অলিম্পিক দলের পক্ষ থেকে দেওয়া হলো দুঃসংবাদ—না ফেরার দেশে চলে গেছেন হেঞ্জ।
কোচিং দলের আরেক সদস্য ক্রিস্টিয়ান কিডিংকে নিয়ে শুক্রবার ট্যাক্সি করে ভ্রমণে বেরিয়েছিলেন হেঞ্জ। চলতি পথে তাঁদের বহনকারী ট্যাক্সিটি কংক্রিটের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিয়েছিল কি না, নাকি ট্যাক্সিচালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন—বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর কিডিংকে ছেড়ে দেওয়া হলেও জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের টেবিলে নেওয়া হয় হেঞ্জকে। ‘আমাদের জন্য এটি অশেষ দুঃখের একটি দিন। তাঁর করুণ মৃত্যুতে আমাদের অনুভূতি কী, সেটা তা প্রকাশের ভাষা নেই’—শোকবার্তায় জানিয়েছেন জার্মানির অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের সভাপতি আলফনস হোরমান। এএফপি, রয়টার্স।