দুর্ঘটনায় নিহত মাইকেল বালাকের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে এমিলিওর সঙ্গে মাইকেল বালাক
ছবি: ইনস্টাগ্রাম

এবড়োখেবড়ো পাহাড়ি রাস্তায়ই সাধারণত চলতে দেখা যায় কোয়াড বাইক। দেখতে অনেকটা কক্সবাজার সমুদ্রসৈকতের চার চাকার বাইকগুলোর মতো। অনেক দেশে আছে এই বাইকের রেসও। তেমনই একটা কোয়াড বাইকে চড়েছিলেন এমিলিও বালাক। কিন্তু সেটিই যে প্রাণ কেড়ে নেবে জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার মাইকেল বালাকের ছেলের জীবন, কে জানত!

গতকাল পর্তুগালের লিসবনে স্থানীয় সময় রাত দুইটায় কোয়াড বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বালাকের তিন ছেলের মধ্যে মেজ এমিলিও। তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর।

পর্তুগিজ টিভি চ্যানেল টিভিআই ২৪-কে সূত্র হিসেবে জানিয়ে ইংলিশ দৈনিক ডেইলি মেইল লিখেছে, দুর্ঘটনাটা ঘটেছে লিসবনের দক্ষিণে ত্রোইয়াতে। চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে আলো ছড়ানো, জার্মানির জার্সিতে ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলা বালাক ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান। ছুটি কাটানোর জন্য কয়েক বছর আগে এই ত্রোইয়াতেই তিনি বাড়ি কেনেন। সেখানেই ছুটি কাটাতে গিয়েছিলেন এমিলিও।

দীর্ঘদিনের বান্ধবী সিমোনে লাম্বের সঙ্গে বালাকের সংসারে তিন সন্তান। ২০০১ সালে জন্ম নেয় বড় ছেলে লুইস, তার পরের বছর এমিলিও, আর ২০০৫ সালে জর্দি। বালাক-লাম্বে ২০০৮ সালে বিয়ে করেন, যদিও চার বছর পর তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়।

বালাক ও তাঁর মেজো ছেলে এমিলিও
ছবি: টুইটার

এমিলিওর সঙ্গে নিজের ছবি অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন বালাক। গত বছরের ফেব্রুয়ারিতে ছুটি কাটানোর সময় গাড়িতে এমিলিওর সঙ্গে তাঁর ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন জার্মান কিংবদন্তি। ছবিগুলো এখন বালাকের বুক ভারী করবে নিশ্চিত!

১৮ বছর বয়সী এমিলিও আজ বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে দুর্ঘটনার কবলে পড়েন। ভিলাস দো মার এস্টেটের কাছে ঘটে এ দুর্ঘটনা। নিরাপত্তাকর্মীরা সেখান থেকে এমিলিওকে বাঁচাতে অনেক চেষ্টা করেও পারেননি। কোয়াড বাইক সাধারণত সমুদ্রসৈকত আর এবড়োখেবড়ো রাস্তায় দেখা গেলেও এমিলিওর কোয়াড বাইকটা সাধারণ রাস্তায়ও চলাচলের উপযোগী ছিল। দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সেটি এখনো জানা যায়নি বলে লিখেছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল ও ডেইলি মিরর।

চেলসিতে দ্রগবার সঙ্গে খেলতেন বালাক
ছবি: ইনস্টাগ্রাম

পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে গত সপ্তাহে আনন্দ-ফুর্তির মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন এমিলিও। বিশেষ করে ছিল পরিবারের সঙ্গে সৈকতে সময় কাটানোর ছবিগুলোই। পর্তুগিজ সৈকতে সূর্য অস্ত যাওয়ার ছবি, সেখানকার দারুণ আকর্ষণীয় কমপোর্তা বিচ ক্লাবের ছবি...।

চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের সাবেক কোচ জোসে মরিনিও যে শহরের মানুষ, সেই সেতুবালের বিপরীতে অবস্থিত ত্রোইয়া পেনিনসুলা পর্তুগালের সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। প্রায় আট মাইলজুড়ে সুন্দর বালি আর পরিষ্কার পানির কারণে সৈকতটা নজরে আসে যে কারোই।

সে আকর্ষণেই ছুটে গিয়েছিলেন বালাকের ছেলে। কিন্তু সে যাওয়াই যে তাঁর মাত্র ১৮ বছর বয়সী জীবনের শেষ হবে, কে ভেবেছিল!