দুর্দশা কাটছেই না ইন্টারের
হারের বৃত্তেই খাবি খাচ্ছে ইন্টার মিলান। পরশু ইতালিয়ান লিগে ক্লদিও রানিয়েরির দল হেরেছে নাপোলির কাছে। এজেকুয়েল লাভেজ্জির দ্বিতীয়ার্ধের গোল ইন্টারকে শুধু আরেকটি হারের তিক্ত স্বাদই দেয়নি, রানিয়েরির ভবিষ্যৎও আরও অনিশ্চিত করে তুলেছে।ইন্টারের দুর্দশা মৌসুমের শুরু থেকেই। একপর্যায়ে সাত ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ইন্টার ছিল ১৭ নম্বরের দল! রানিয়েরি দায়িত্ব নিয়ে দলকে ধীরে ধীরে জয়ের রাস্তায় নিয়ে আসেন। পরে ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত লিগে ১০ ম্যাচের ৯টিতেই জিতে সেই ইন্টার উঠে আসে পয়েন্ট তালিকার চারে। এর মধ্যে ছিল টানা ছয় ম্যাচে জয়ও। শিরোপা-স্বপ্নও উঁকি দিতে থাকে। কিন্তু হঠাৎই পথ হারিয়ে আবার সেই বেহাল দশা। পরশুর হারটি গত আট ম্যাচে ইন্টারের সপ্তম হার!ফল, শিরোপা-স্বপ্ন তো শেষই, চ্যাম্পিয়নস লিগ খেলার আশাটাও এখন রানিয়েরির দলের জন্য দূর আকাশের তারা। ২৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইন্টার এখন সাত নম্বরের দল। অথচ সালভাতোর অ্যারোনিকা লাল কার্ড পাওয়ায় পরশু শেষ ১২ মিনিটে প্রতিপক্ষ নাপোলি হয়ে পড়েছিল ১০ জনের দল। ইন্টার সুযোগটা কাজে লাগাতে পারেনি। ১৯৯৭ সাল থেকে নাপোলিকে হারাতে না পারার রেকর্ডটা তাই অক্ষতই। লাভেজ্জির এনে দেওয়া জয়ে নাপোলি (৪০) উঠে গেছে পাঁচ নম্বরে। গত গ্রীষ্মে তিনবার কোচ বদলানো ইন্টার সমর্থকেরা ‘কোচ ছাঁটাইয়ের’ দাবি তুলেছে আগেই। শঙ্কার মেঘ ক্রমেই গাঢ় হচ্ছে। কিন্তু রানিয়েরি বলছেন, ‘আমি জানি না, সভাপতি (মাসিমো মোরাত্তি) এখন কী করবেন। এই প্রশ্নটা তাঁকে করবেন। আমি বলব, রানিয়েরির চালিয়ে যাওয়া উচিত। এই খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’ এএফপি।