দুর্দশা কাটছেই না লিভারপুলের
ঘরের মাঠটা যেন পরের মাঠ হয়ে গেছে লিভারপুলের। অ্যানফিল্ড যেন হঠাৎই মাইনফিল্ড হয়ে উঠেছে। আর সেই মাইনফিল্ডে বারবার ক্ষতবিক্ষত অল রেডরা। পরশু নিজেদের মাঠে টানা তৃতীয় ম্যাচে হারল লিভারপুল। এবার হারল ইউরোপা লিগে উদিনেসের কাছে। ব্রেন্ডন রজার্সকে আরেকটি অ্যানফিল্ড-দুঃস্বপ্ন উপহার দিয়ে জেরার্ড-সুয়ারেজদের দল হেরেছে ৩-২ গোলে। ইউরোপা লিগে গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে স্যামুয়েল ইতোর জোড়া গোলে জিতেছে আনঝি মাখাচকালা। সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে আপাত গ্রুপের শীর্ষে উঠে গেছে রুশ ক্লাবটি। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের, ৪ পয়েন্ট ইতালির দল উদিনেসেরও। গোল ব্যবধানে এগিয়ে ইতোরা। লিভারপুলের পয়েন্ট ৩, অবস্থান তিনেই। পরশু লিভারপুল সুয়ারেজ-জেরার্ডদের বেঞ্চে রেখেই খেলতে নেমেছিল লিভারপুল। ম্যাচের প্রথম গোল করে তারাই। ২৩ মিনিটে জোনজো শেলভির করা গোলটি নিয়েই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৬ মিনিটে আন্তোনিও ডি নাতালের গোল সমতা আনে ম্যাচে। ৭০ মিনিটে সেবাস্তিয়ান কোটসের আত্মঘাতী গোল পিছিয়ে দেয় লিভারপুলকে। ২ মিনিট পরেই জিওভান্নি পাসকোয়ালে ৩-১ করেন। ৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার এক গোল করে এরপর ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজ।লিভারপুলের মতোই হতাশা নিয়ে এথেন্স থেকে ফিরেছে টটেনহাম। গ্রিক ক্লাব প্যানাথিনাইকসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আন্দ্রে ভিলাস-বোয়াসের দল। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে ইংলিশ ক্লাবটি আছে তিনে। স্লোভেনিয়ার মারিবরকে একমাত্র গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালির লাৎসিও। জিতেছে ইন্টার মিলানও। আজারবাইজানে গিয়ে নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে আগামীকালই মিলান ডার্বি খেলতে যাওয়া ইন্টার। তবে ০-৩ গোলে পিএসভি আইন্দহোফেনের কাছে হেরেছে নাপোলি। লিভারপুল-টটেনহাম না জিততে পারলেও আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্সের বোর্দোকে। এদিন অনেক বড় দলের মতো দ্বিতীয় সারির দল নামিয়েছিল বতর্মান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও। ক্রিস্টিয়ান রদ্রিগেজের অন্তিম মুহূর্তের গোলে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। চ্যাম্পিয়নদের এটি টানা দ্বিতীয় জয়, তবে রানার্সআপ অ্যাথলেটিক বিলবাও ৩-১ গোলে হেরে গেছে স্পার্তা প্রাগের কাছে। এএফপি, রয়টার্স।