দুর্দান্ত ক্যাচটিই জেতাল: স্যামুয়েলস
দুর্দান্ত এক ফিফটিতে দুরন্ত রাজশাহীকে জিতিয়েছেন মারলন স্যামুয়েলস। পাঁচ-পাঁচটি ছক্কা আছড়ে ফেলেছেন মিরপুর মাঠের চারদিকে। নিজের এমন পারফরম্যান্সই যে বিপিএলে রাজশাহীর সাফল্যের কারণ, সেটা মানেন এই স্থিতধী ক্যারিবীয়ও। বলেছেন, ‘অবশ্যই দুরন্ত রাজশাহীর সাফল্যে আমার একটা বড় ভূমিকা রয়েছে। আমাকে ভালো করতে হবে।’বিপিএলে তিনটি ম্যাচ খেলে রাজশাহীর এই জয় অবশ্যই বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে মারলন স্যামুয়েলসকে। বলেছেন, ডিপ স্কয়ার লেগে ফাওয়াদ আলমের ওই দুর্দান্ত ক্যাচটিই সিলেট রয়্যালসের বিপক্ষে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। এ ধরনের ক্যাচ সব সময়ই ক্রিকেটে জিততে সহায়তা করে।সংবাদ সম্মেলনে আবারও স্যামুয়েলসকে মুখোমুখি হতে হলো সেই প্রশ্নের বিপিএল কি তাহলে পুরোপুরি ক্যারিবীয়দের লিগ হয়ে উঠল? স্মিতহাস্যে স্যামুয়েলসের জবাব, ক্যারিবীয়রা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে অনেক বেশি পরিচিত। ক্রিস গেইলের উদাহরণ টেনে তিনি বলেন, ও সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যেই আছে। বেশ কয়েকটি লিগে সে খেলছে। তাই টি-টোয়েন্টিটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে।দুরন্ত রাজশাহী আজকের ম্যাচে দিনের আলোয় দুর্দান্ত ফিল্ডিং করেছে অথচ গত ম্যাচে ফ্লাডলাইটের নিচে মিরপুরের দর্শকেরা তাদের কাছ থেকে দেখেছে ক্যাচ মিসের মহড়া। ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে স্যামুয়েলস বলেন, ফ্লাডলাইটের আলোয় ক্যাচ ধরা কঠিন হলেও এই পর্যায়ে খেলোয়াড়দের সমস্যা কাটিয়ে উঠতে হবে। তবে ক্যাচ যে ম্যাচ জেতায়, সেটা তো আজই বোঝা গেল।