দুর্দান্ত গোমেজ অপ্রতিরোধ্য বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে জার্মানির কোনো ক্লাব হিসেবে ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন। সেই লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। লিগ শিরোপা জিতে নিয়েছে আগেই। এবার আরও একটি শিরোপার কাছাকাছি পৌঁছে গেল বায়ার্ন। পরশু ভলফ্সবুর্গকে উড়িয়ে দিয়ে ইয়ুপ হেইঙ্কেসের দল উঠে গেছে জার্মান কাপের ফাইনালে। বায়ার্ন জিতেছে ৬-১ গোলে, আক্ষরিক অর্থেই উড়ে গেছে ভলফ্সবুর্গ। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বদলি হিসেবে নেমে বায়ার্নের স্ট্রাইকার মারিও গোমেজ করেছেন হ্যাটট্রিক।বায়ার্নের গোল উৎসবের শুরুটা করেন মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেন। তা সত্ত্বেও বায়ার্নের বড় জয়টাকে বলতে হবে শেরডান শাকিরি ও গোমেজময়। ৭৭ মিনিটে বদলি নেমে ছয় মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেছেন গোমেজ। শাকিরি একটি গোল করলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি।বুন্দেসলিগায় ১৩ নম্বরে থাকা দলের বিপক্ষে বায়ার্নই ছিল ফেবারিট। কিন্তু অন্য রকম একটা শঙ্কাও ছিল তাদের। আগামী মঙ্গলবারই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ। ওই ম্যাচের উত্তেজনায় এ ম্যাচে মনোযোগ ধরে রাখাটা ছিল কঠিন পরীক্ষা। বায়ার্নের সুইস মিডফিল্ডার শাকিরির কথা, পরীক্ষাটায় তাঁরা উতরে গেছেন, ‘আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম। কিন্তু কাজটা ছিল আমাদের জন্য কঠিন। বার্সেলোনার ম্যাচ নিয়ে এত কথা হচ্ছে, মনোযোগ ধরে রাখাটাই ছিল কঠিন। তবে আমরা তা করেছি এবং ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে রেখেছি।’গতবার ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা, আর এ মৌসুমের বেশির ভাগ সময়টাই বসে থাকলেন বেঞ্চে। মারিও গোমেজের ভালো থাকার কথা নয়। গুঞ্জন আছে, মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে পারেন গোমেজ। সেই গোমেজই পরশু হ্যাটট্রিক করায় কোচ হেইঙ্কেস খুশি, ‘হ্যাটট্রিক করায় মারিওর জন্য আমি খুশি। এতেই প্রমাণিত হয়, আমাদের এই দলে আছে সেরা তিন স্ট্রাইকার।’ ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ স্টুটগার্ট না ফ্রেইবুর্গ, এই দুই দলের সেমিফাইনালে কালই সেটি নিশ্চিত হয়ে গেছে। রয়টার্স, ওয়েবসাইট।