দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন কোল্টার নাইল। বোলার উমর গুলের উদ্যাপনের সঙ্গী উমর আকমল ও মোহাম্মদ হাফিজ । ছবি: শামসুল হক
আউট হয়ে গেলেন কোল্টার নাইল। বোলার উমর গুলের উদ্যাপনের সঙ্গী উমর আকমল ও মোহাম্মদ হাফিজ । ছবি: শামসুল হক

উমর আকমলের সেঞ্চুরিটা শুধু হলো না। নইলে সবই ছিল তো এই ম্যাচে! চার-ছক্কার বৃষ্টির রোমাঞ্চ। পাকিস্তান ১৯১ রান করল তো অস্ট্রেলিয়াও লড়াই চালাল শেষ পর্যন্ত। সব মিলিয়ে গ্যালারি-ভর্তি দর্শকের সামনে উত্তেজনার পারদ উঠল চরমে। তবে শেষ হাসি তো একজনই হাসে। হাসল পাকিস্তান। ভারতের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেও কাল মিরপুরে অস্ট্রেলিয়াকে রাজার মতো হারাল মোহাম্মদ হাফিজের দল।
পরতে পরতে রং বদলানোর ব্যাপারটা টি-টোয়েন্টি ক্রিকেটেরই চরিত্র। ২৫ রানে ২ উইকেট হারিয়ে নাজুক শুরুর পরও তাই পাকিস্তানের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯১ রান। শেষ ৩ ওভারে জয় থেকে মাত্র ৩১ রানের দূরত্বে থেকেও তাই অস্ট্রেলিয়ার ১৬ রানে হেরে যাওয়া। আসলে সাঈদ আজমলের করা অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারটাই গড়ে দিয়েছে ম্যচের ভাগ্য। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১৬১ রান ছিল অস্ট্রেলিয়ার। ব্র্যাড হাডিনের সঙ্গে উইকেটে তখনো অস্ট্রেলিয়াকে জয়ের দিগন্ত দেখানো ওপেনার অ্যারন ফিঞ্চ। কিন্তু পরের ওভারে আজমল এসেই সব ওলট-পালট করে দিলেন। ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নিলেন মহাগুরুত্বপূর্ণ ফিঞ্চের উইকেটটি। উইকেটে থিতু হওয়া কোনো ব্যাটসম্যান নেই, অথচ শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জিততে প্রয়োজন ৩০ রান! এমন পরিস্থিতিতে যা হওয়ার তাই হলো। অসাধ্য সাধন করতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ ২ ওভারে ৪ উইকেট হারিয়ে হয়ে গেল অলআউটই। শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। কিন্তু বিলওয়াল ভাট্টি দিলেন মাত্র ৫, নিলেন ২ উইকেট।
টসে জিতেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। জেতার পর কেন ফিল্ডিং নিলেন, সেটার যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা ছিল না তাঁর কাছে। টস শেষে মাঠেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলছিলেন, ‘এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই...।’ অস্ট্রেলিয়ান অধিনায়কের এমন বক্তব্য সবাইকে একটু বিস্মিত করলেও কাল কিন্তু একটা রেকর্ডের জন্ম দিয়েছেন এই বেইলিই। শেরেবাংলা স্টেডিয়ামে এর আগে হওয়া ছয়টা টি-টোয়েন্টি ম্যাচেই জিতেছে টসজয়ী দল। কাল টসে জিতেও অস্ট্রেলিয়ার হার তো নতুন রেকর্ডই!
বেইলির আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত ‘ক্যারিয়ার-সেরা’ ইনিংস খেলার সুযোগ করে দেয় উমর আকমলকে। ২৫ রানে ২ উইকেট পড়ার পর উমর জুটি বেঁধেছিলেন ভাই কামরান আকমলের সঙ্গে। তৃতীয় উইকেটে দুই ভাইয়ের ৯৬ রানের সৌজন্যে পাকিস্তানের রান এক শ পেরোয় ১২তম ওভারেই। ফিঞ্চের করা ওই ওভারে রান এসেছে ১৮। দুই ছক্কা ও এক বাউন্ডারিতে তাতে উমরের একারই ১৭ রান। এর মধ্যে দ্বিতীয় ছক্কাটি মেরে মাত্র ২৮ বলেই পৌঁছে যান ফিফটিতে। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেললেও মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি উমরের। ইনিংসের শেষ ওভার ছিল। স্টার্কের প্রথম বলে সম্ভবত বাউন্ডারি মেরেই সেঞ্চুরি পূর্ণ করে নিতে চেয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যান লং অনে। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ উমরই এটিকে দিয়েছেন ক্যারিয়ার-সেরা ইনিংসের মর্যাদা।

পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি দেওয়ার জন্য অস্ট্রেলিয়া বাজে ফিল্ডিংকেও দুষতে পারে। ব্যক্তিগত ২৩ রানের সময় কোল্টার-নাইলের বলে ডিপ স্কয়ার লেগে ব্র্যাড হগের হাত থেকে বেঁচে যান উমর। ব্র্যাড হজ আফ্রিদির ক্যাচ ফেলেছেন তাঁর ১৪ রানে। ‘জীবন’ পেয়েছেন কামরান আকমলও। অবশ্য ব্যক্তিগত ২১ রানের সময় বলিঞ্জারের হাত থেকে পাকিস্তানের এই ওপেনারের বেঁচে যাওয়াটাকে ‘দ্বৈতজীবন’ও বলতে পারেন। ওয়াটসনের ওই বলটাই যে ছিল ‘নো’!
জুনায়েদ খানের জায়গায় কাল চমক দিয়ে জুলফিকার বাবরের হাতে নতুন বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক হাফিজ। তা আক্ষরিক অর্থেই বিস্ময় উপহার দিলেন ৩৫ বছর বয়সে মাত্র পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার। ইনিংসের প্রথম ওভারে ২ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে দেন প্রথম ধাক্কাটা। তবে তৃতীয় উইকেটে ফিঞ্চ-গ্লেন ম্যাক্সওয়েলের ১১৮ রানের জুটিতে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলই ছিলেন বিধ্বংসী। ফিফটি করেছেন মাত্র ১৮ বলে। আফ্রিদির বলে ডিপ মিড উইকেটে শেহজাদের ক্যাচ হওয়ার সময় মাত্র ৩৩ বলে করেছেন ৭৪ রান। সাতটি চার আর ছয়টি ছক্কায় যার ৬৪-ই এসেছে বাউন্ডারি থেকে। ম্যাক্সওয়েল ফিরে গেছেন দলের ১২৬ রানে। সেখান থেকে মাত্র ৪৯ রানে শেষ ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল-ফিঞ্চ ছাড়া বাকি সবার রানই এক অঙ্কের।
বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে এমন ব্যর্থতা। পাকিস্তানের টুর্নামেন্টে ফেরার ম্যাচটা অস্ট্রেলিয়াকে শুধু হারালই না, সম্ভবত দিয়ে গেল অনেক চিন্তার খোরাকও।


পাকিস্তান:
২০ ওভারে ১৯১/৫

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৫
ফল: পাকিস্তান ১৬ রানে জয়ী