টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে ঘাম ঝরিয়ে জেতে বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ৪-২ হলেও ম্যাচ শেষে খেলোয়াড়েরা ছিলেন হতাশ। সেই হতাশা কাটিয়ে উঠে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপের পরের প্রতিটি ম্যাচেই উন্নতি করে চলেছেন জিমি-চয়নরা। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে কাল সেমিফাইনালে তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। সিঙ্গাপুরকে হারিয়েছে ৮-০ গোলের ব্যবধানে।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। স্বপ্ন দেখছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার।
হংকংয়ে কাল বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে। সাধারণত ভেজা টার্ফেই হকি ম্যাচ হয়ে থাকে। কিন্তু হংকংয়ে এতটাই ভারী বর্ষণ হয়েছে যে আয়োজকেরা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি ১৫ মিনিটের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ম্যাচের ২৬ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি কমার পর প্রথম সেমিফাইনালটি শেষ হয়েছে ঠিকভাবে, কিন্তু আবারও বৃষ্টি-বাধায় মাঠেই গড়ায়নি শ্রীলঙ্কা-হংকংয়ের পরের সেমিফাইনাল। আজ বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই ম্যাচটি হওয়ার কথা। এই প্রতিবেদন পড়ার সময় পাঠক নিশ্চয়ই জেনে গেছেন আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কোন দল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় হবে ফাইনাল।
প্রতিপক্ষ সিঙ্গাপুর বলেই কিনা একটু স্বস্তিতে ছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের সঙ্গে সর্বশেষ চারবারের সাক্ষাতে সব ম্যাচই জিতেছিল। কালও জয়টা তাই অনুমিতই ছিল। যদিও হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। প্রথমে মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। ম্যাচের ৩৭ মিনিটে স্কোর ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন ৪৮ মিনিটে করেন চতুর্থ গোল। ৫০ মিনিটে পঞ্চম গোলটি এসেছে পুষ্কর খীসা মিমোর স্টিক থেকে। কৃষ্ণ কুমার ৫৫ মিনিটে করেন ৬-০। তরুণ ডিফেন্ডার আশরাফুল ইসলাম গত ম্যাচে ম্যাকাওয়ের সঙ্গে করেছিলেন হ্যাটট্রিকসহ ৫ গোল। কাল ম্যাচের শেষ মুহূর্তে জ্বলে উঠলেন বিকেএসপির এই খেলোয়াড়। পেনাল্টি কর্নার থেকে সপ্তম ও অষ্টম গোল করেন যথাক্রমে ৬৬ ও ৬৯ মিনিটে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। আগামী বছর এশিয়া কাপ হকি ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে।