টানা অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন রজার ফেদেরার। এই সুইস তারকা যেকোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন স্বদেশি স্টানিসলাস ওয়ারিনকার। এক ঘণ্টা ৪৭ মিনিটের এই লড়াইয়ে ফেদেরার শেষ পর্যন্ত জিতেছেন ৬-১, ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে।আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম থেকেই বেশ আগ্রাসী ভঙ্গিতে দেখা গিয়েছিল ফেদেরারকে। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তিনি। ম্যাচ শেষে ফেদেরার সাংবাদিকদের বলেছেন, ‘আমি আক্রমণাত্মকভাবে খেলতেই বেশি পছন্দ করি। আমার মনে হয়, কিছু সংকটাপূর্ণ মুহূর্তে আমি প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার বদলে কিছুটা রক্ষণাত্মক খেলতে বাধ্য হই। এভাবেও কখনো কখনো সাফল্য পাওয়া যায়। আমি সব সময়ই নতুন নতুন পদ্ধতিতে খেলতে চাই। কিন্তু কারও কারও বিপক্ষে এগুলো ঠিকঠাক কাজে লাগে না।’কোয়ার্টার ফাইনালের মতো পর্বে এত সহজেই জয় পাবেন এটা হয়তো ভাবতেও পারেননি তিনি। কিছুটা হলেও বিস্মিত হয়েছেন, সেটা স্পষ্টই বোঝা গেছে তাঁর কথায়। বলেছেন, ‘গত চার-পাঁচ মাসে যতগুলো জয় পেয়েছি, তার মধ্যে এটাই সবচেয়ে সহজ জয় ছিল।’সেমিফাইনালে তৃতীয় বাছাইয়ে নোভাক জকোভিচ বা ষষ্ঠ বাছাইয়ে টমাস বারডিচের মুখোমুখি হবেন ফেদেরার। রয়টার্স।