দুর্দান্ত পূজারা, অভাবনীয় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলাররা নিজেদের কাজটা করে গিয়েছিলেন। বাকিটা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। সেই দায়িত্ব পরম নিষ্ঠায় পালন করলেন চেতেশ্বর পূজারা। জোহানেসবার্গে কাল তাঁর সেঞ্চুরিতেই বড় লিড নিয়েছে ভারত। পাশের ছবিতে চোট পেয়ে মাঠ ছাড়ছেন মরনে মরকেল ।  ওয়েবসাইট
বোলাররা নিজেদের কাজটা করে গিয়েছিলেন। বাকিটা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। সেই দায়িত্ব পরম নিষ্ঠায় পালন করলেন চেতেশ্বর পূজারা। জোহানেসবার্গে কাল তাঁর সেঞ্চুরিতেই বড় লিড নিয়েছে ভারত। পাশের ছবিতে চোট পেয়ে মাঠ ছাড়ছেন মরনে মরকেল । ওয়েবসাইট

শচীন টেন্ডুলকারের উত্তরসূরির খোঁজ করছে সবাই। কোহলিতে টেন্ডুলকারের ছায়া দেখে রোমাঞ্চিত ভারতীয়রা। আরেকজন যে রাহুল দ্রাবিড়ের অভাবটা বুঝতেই দিচ্ছেন না, সেই কথা বলছেন কজন!
খেলার ধরনে মিল আর একই পজিশনের বলে টেস্ট অভিষেকের আগে থেকেই দ্রাবিড়ের উত্তরসূরির তকমা দেওয়া হয়েছিল চেতেশ্বর পূজারাকে। সেই তকমা আরও পাকাপোক্ত হয়েছে গত দেড় বছরে তাঁর একেকটি ইনিংসে। টেকনিক, টেম্পারামেন্ট, সবকিছুতেই খুঁজে পাওয়া যায় দ্রাবিড়কে। কাল আরও একবার বুঝিয়ে দিলেন, ৩ নম্বর জায়গাটি নিয়ে ভারতকে ভাবতে হবে না আরও বহুদিন। আর যথারীতি আরও একবার মনে করিয়ে দিলেন দ্রাবিড়কে!
১৯৯৭ সালে এই জোহানেসবার্গেই পোলক-ডোনাল্ডদের বিপক্ষে ১৪৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন দ্রাবিড়। কাল পূজারার ব্যাট থেকেও এল তেমনই এক ইনিংস। দ্রাবিড়ের সেটি ছিল প্রথম টেস্ট সেঞ্চুরি, পূজারার এটি দেশের বাইরে প্রথম। আর প্রথম সুযোগেই কোহলির টেন্ডুলকারের জায়গা আপন করে নেওয়ার পালা তো চলছিলই। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ছিলেন সেঞ্চুরির পথে। দুজনের ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারত উঠেছে এমন উচ্চতায়, দুদিন আগেও যা ছিল অভাবনীয়!
তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ভারতের লিড ৩২০। ভারতীয়রাও কী ভাবতে পেরেছিল এমন কিছু! অনভিজ্ঞ এই দল স্রেফ উড়ে যাবে বলেই ধরে নিয়েছিল সবাই। সেই দলটিই এখন জয়ের সুবাস পেতে শুরু করেছে। এই মাঠে ২১৭ রানের বেশি তাড়া করে জয়ের কীর্তি দুটি, দুবারই দলটি অস্ট্রেলিয়া। দুই শর বেশি তাড়া করে জয়ই মাত্র একবার। এই তথ্যগুলো বলবে, এই ম্যাচ এখন ভারত না জিতলে সেটাই হবে অঘটন!
দক্ষিণ আফ্রিকা অবশ্য ভুগেছে মাত্র ২ ওভার বোলিং করেই মরনে মরকেল চোট নিয়ে মাঠ ছাড়ায়। এই টেস্টে আর বোলিং করতে পারবেন না, অনিশ্চিত পরের টেস্টও। পূজারা-কোহলির কৃতিত্বকে তাতে খাটো করার উপায় নেই। দুজনই খেলেছেন দুর্দান্ত। শিখর ধাওয়ান আবারও ফিরে গেছেন শুরুতে, আবারও থিতু হয়ে উইকেট ছুড়ে এসেছেন মরালি বিজয়। এর পর থেকেই প্রোটিয়াদের হতাশায় পুড়িয়েছেন দুজন।
প্রথম ইনিংসে কোহলির ভুলেই রানআউট হয়েছিলেন পূজারা। কাল ৫২ রানে বেঁচে গেছেন ইমরান তাহিরকে সহজ এক ফিরতি ক্যাচ দিয়েও। ওটুকু ছাড়া বাকি ইনিংস ছিল নিখুঁত। ১৬তম টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি ছুঁয়েছেন ১৬৮ বলে। বলে রাখা ভালো, প্রথম ১৬ টেস্টে দ্রাবিড়ের সেঞ্চুরি ছিল একটি! কোহলির সুযোগ আজ টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার। ক্যারিয়ারে কখনোই জোড়া সেঞ্চুরি করতে পারেননি টেন্ডুলকার!
সকালে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট নিতে ভারতের লেগেছে ১০ ওভারের কম। ৪ উইকেট নিয়ে দলে ফেরা উদ্যাপন করেছেন জহির খান। ক্রিকইনফো, টেন ক্রিকেট।