এ বিশ্বকাপের মূল আকর্ষণীয় ম্যাচগুলোর অন্যতম ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কয়েকটি দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণও। দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে দুর্দমনীয় ব্যাটিং লাইনআপের একটি ধ্রপদি লড়াই হবে এটি। আমি যেমনটি জানি, নাগপুর সব সময় দক্ষিণ আফ্রিকার দিকে সদয় হাত বাড়িয়ে দিয়েছে অতীতে। সফরকারী দলের জন্য এটি মনস্তাত্ত্বিক সুবিধাও বটে।উইকেট ব্যাটিং-স্বর্গ, সুতরাং বিষয়টি স্পষ্ট, ভারতীয় ব্যাটসম্যানরা দিনটিকে নিজেদেরই করে নিতে চাইবে। তবে ডেন স্টেইন, মরনে মরকেল এবং দক্ষিণ আফ্রিকান স্পিনাররা যেহেতু এ পর্যন্ত ভালো করে এসেছে, ভারতের টপ-অর্ডারের জন্য এটি সম্ভবত হতে যাচ্ছে কঠিন এক লড়াই। দক্ষিণ আফ্রিকার বোলিংকে আসলেই দুর্দান্ত দেখাচ্ছে, এমনকি ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের আগে বোলাররা কিন্তু তাঁদের কাজটা ঠিকই সেরে রেখেছিল।ভারতীয় ব্যাটসম্যানদের জন্য আরেকটি অনিবার্য পরীক্ষার কারণ তাদের বোলারদের অধারাবাহিক ফর্ম। হল্যান্ডের বিপক্ষে লক্ষণীয় উন্নতি দেখা গেলেও বলতেই হচ্ছে, বোলাররা ফিল্ডিং থেকেও সাহায্য পাচ্ছে না। আর নাগপুরের মাঠ যেহেতু অন্য মাঠের চেয়ে বড়, তাই দিল্লির বিগত ম্যাচটির চেয়ে একটু শক্ত পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য।আমি চাইব, কৌশলে ধোনি একটু আক্রমণাত্মক থাকবে। হল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচকে আমি বিবেচনায় নেব না। ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং ছিল খুবই রক্ষণাত্মক, বাউন্ডারি বাঁচাতে গিয়ে খুচরা রান খরচ করতে তার কুণ্ঠা ছিল না। আমি দেখতে চাইব, সে প্রতিপক্ষকে খেলাটা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ঠেলে দেবে, তবে অধিনায়কের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কাজটাও করতে হবে বোলারদের।স্পিনারদের নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে ধোনির। সে কি পীযূষ চাওলাকেও খেলিয়ে যাবে, নাকি রবিচন্দ্রন অশ্বিনকে ঢুকিয়ে দুই অফ স্পিনার খেলাবে? তবে দক্ষিণ আফ্রিকানদের চিরাচরিত দুর্বলতার কথা ভেবে সে হয়তো চাওলার পক্ষেই থাকবে বলে আমার মনে হয়। দুই দলের ভারসাম্য বিবেচনায় স্বাগতিকদের সামান্য হলেও এগিয়ে রাখব আমি।এবার আমার দেশের দিকে দৃষ্টি ফেরাই। জিম্বাবুয়ের বিপক্ষে খুবই সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে সবচেয়ে ভালো লাগছে, উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের আগুন ঝরানো ফর্ম দেখে। এটি তাদের আরও আত্মবিশ্বাস জোগাবে। কারণ জিম্বাবুয়ে অনেক দিন ধরে টেস্ট না খেললেও তাদের ভালো কিছু ক্রিকেটার আছে। শ্রীলঙ্কার একটি বিষয়েরই সমালোচনা করতে পারি আমি, তা হলো একজন মাত্র স্পিনার খেলানো। শিশির প্রভাবের কারণেই হয়তো এমন সিদ্ধান্ত ছিল। তবে এই পর্যায়ে স্পিনারদের ভেজা বলে প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ, কেননা নকআউট পর্বে এটি অনিবার্য হয়ে উঠতে যাচ্ছে।আরেকটা ব্যাপার, যা দেখে শুধু বিস্মিতই নয়, রীতিমতো হতভম্ব হয়ে যাচ্ছি আমি, মুম্বাইতে গিয়ে কেন নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হবে শ্রীলঙ্কাকে! আমি তো এর মধ্যে ক্রিকেট প্রশাসনের দুর্বলতাই দেখব যে, তারা শ্রীলঙ্কাবাসীকে গুরুত্বপূর্ণ একটা খেলা দেখা থেকে বঞ্চিত করল।