দুর্দান্ত মুশফিক, দুরন্ত শেখ জামাল

নিউজিল্যান্ডের সঙ্গে লম্বা সিরিজ খেলে পরদিনই বিকেএসপিতে চলে গিয়েছিলেন লিগের ম্যাচ খেলতে। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা একটা উদাহরণ। দল ভালোও করছিল, নাটকীয়ভাবে উঠেছে সুপার লিগে। তবে তিনি ঠিক সুবিধা করতে পারছিলেন না। এমন নয় যে ব্যাটে রান নেই। তবে বারবার আউট হচ্ছিলেন মাঝারি ইনিংস খেলে। বড় রানের খরা কাটালেন মুশফিকুর রহিম এমন এক ইনিংসে, ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচের ভাষায় যেটিকে বলা যায় ‘ড্যাডি সেঞ্চুরি’। অধিনায়কের অপরাজিত ১৪৫ রানে প্রাইম দোলেশ্বরের ৩০৪ রান শেখ জামাল টপকেছে অনায়াসেই।
ভাগ্যের ছোঁয়ায় সুপার লিগে ওঠা শেখ জামাল টানা দুই জয়ে এখন দ্বিতীয় স্থানে (১৬ পয়েন্ট)। সুপার লিগে টানা দুই জয়ে শীর্ষে গাজী ট্যাংক (১৮ পয়েন্ট)। কাল মিরপুরে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে গাজী। তিন শ-আড়াই শ রান তাড়ার দিনে কাল মোহামেডানের ২২৬ রান তাড়ায় মুখ থুবড়ে পড়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। টানা দুই হারে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে কলাবাগান, প্রাইম ব্যাংকের সম্ভাবনাও এখন শুধু কাগজে-কলমে।
মুশফিকের পাশাপাশি বিকেএসপিতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন ইংলিশ অলরাউন্ডার স্টিভেন ক্রুক। তাতেই ম্লান দোলেশ্বরের ইংলিশ ওপেনার জশুয়া কবের দুর্দান্ত ইনিংসটি। ৩০৫ রান তাড়ায় মুশফিকদের বাড়তি কৃতিত্ব এই যে, দল ৯০ রানে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। এর মধ্যে পায়ের পেশিতে টান লাগায় অবসর নেন দিলশান মুনাবীরা, রান ছিল তাই কার্যত ৪ উইকেটে ৯০। কিন্তু চুপসে না গিয়ে উল্টো ঝড় তোলেন মুশফিক ও ক্রুক। ১৮৯ রানের জুটি গড়েছেন ১৫৮ বলে! ৭ চার ও ৬ ছক্কায় ৮৩ বলে সেঞ্চুরি করে ক্রুক আউট হয়েছেন পরের বলেই। তবে দলকে জিতিয়েই ফিরেছেন মুশফিক, ৬ উইকেট আর ৪ ওভার হাতে রেখেই। গত ঢাকা লিগে ৪ সেঞ্চুরিতে ৯৫১ রান করা মুশফিক কালকের আগে ৮ ইনিংসে এবার ফিফটি ছুঁয়েছিলেন একবার। সর্বশেষ ৫ ইনিংসে ৩৫, ৪৩, ৪৪*। সেই তিনিই কাল সেঞ্চুরি ছুঁলেন ৮৫ বলে। শেষ পর্যন্ত ১২ চার ও ৫ ছক্কায় ১১৮ বলে অপরাজিত ১৪৫!
প্রথমে ব্যাট করে দোলেশ্বর এবারের লিগে প্রথম তিন শ রানের (৩০৪) কীর্তিটা গড়ে কবের ১৩০ বলে ১২৩ ও ম্যালানের ৬১ রানে। আবাহনীর ২৮২ তাড়ায় মোহামেডানের জয়টি ছিল আগের সর্বোচ্চ। আজ মিরপুরে শীর্ষে থাকা গাজীর সঙ্গে শেখ জামালের লড়াইয়ে অনেকটাই পরিষ্কার হতে পারে শিরোপার ছবি।

মিরপুরে কাল প্রাইম ব্যাংকের ২৪৮ রান তাড়া করতে নেমে গাজী ১২১ রানে হারিয়েছিল ৪ উইকেট। এরপরই অধিনায়ক মাহমুদউল্লাহ আর রায়ান টেন ডেসকাটের দুর্দান্ত ব্যাটিং। দুজনের ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি এসেছে ১১৩ বলে। আগের ম্যাচে ৭ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৫৪ করা ডেসকাট কাল ৬০ বলে ৬৮ করে অপরাজিত ৬ ছক্কায়। অপরাজিত ৬৭ রানের সঙ্গে ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা যদিও মাহমুদউল্লাহ। প্রাইম ব্যাংকের ওপেনার সৈকত আলী ৬০ করলেও প্রাইম ২৪৮ করেছে মূলত রবি বোপারার ঝড়ে। সমান ৫টি চার-ছক্কায় ৮১ বলে অপরাজিত ৯৫ করেছেন বোপারা, অধিনায়কের ঝড়ে শেষ তিন ওভারে ৫০ রান তোলে প্রাইম ব্যাংক।

ইংলিশ ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে দিনে মোহামেডানের জয়ের নায়কও এক ইংলিশ। ফতুল্লায় ৩৯ রানে ৪ উইকেট হারানো মোহামেডানকে প্রায় টেনে তুলেন সামিত প্যাটেল ৮৬ রান করে। শেষ দিকে রহমত শাহর ১৬ বলে ৩৩ রানে মোহামেডান করে ২২৬। সামিত পরে বাঁহাতি স্পিনে নিয়েছেন তিন উইকেট। সঙ্গে হাবিবুর-রহমতদের স্পিনে কলাবাগান একাডেমি গুটিয়ে যায় ১৫০ রানেই।
সং ক্ষি প্ত স্কো র
গাজী ট্যাংক-প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৪৮/৮ (বোপারা ৯৫*, সৈকত ৬০, জয়াসুরিয়া ৩২, তৈয়বুর ২৪; আরফাত ৩/৫৭, নাঈম জুনি. ১/২৯, মাহমুদউল্লাহ ১/৪০, জাইদি ১/৪৪, রুবেল ১/৫৫)। গাজী ট্যাংক: ৪৭.৫ ওভারে ২৪৮/৪ (ডেসকাট ৬৮*, মাহমুদউল্লাহ ৬৭*, আফতাব ৪৫, মরগান ৩৩; জয়াসুরিয়া ২/৪৮, এনামুল জুনি. ১/২৭, জিয়াউর ১/৩৪)।
ফল: গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: মাহমুদউল্লাহ
মোহামেডান-কলাবাগান সিএ
মোহামেডান: ৫০ ওভারে ২২৬/৯ (সামিত ৮৬, স্ট্যানিকজাই ৩৮, রহমত ৩৩*, মুক্তার ২৬; নাজমুল ৩/৪৬, মাকসুদুল ২/৪১, শরীফউল্লাহ ২/৪৫, আসিফ ১/২৩, মাসাকাদজা ১/২৬)। কলাবাগান সিএ: ৪০.১ ওভারে ১৫০ (অভিষেক ৫১; সামিত ৩/২৫, হাবিবুর ২/২৪, রহমত ২/৪১, দেলোয়ার ১/১৩)।
ফল: মোহামেডান ৭৬ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: সামিত প্যাটেল
শেখ জামাল-প্রাইম দোলেশ্বর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ৩০৪/৭ (কব ১২৩, ম্যালান ৬১, সাম্পাথ ২১; মুনাবীরা ২/৪৯, ক্রুক ২/৫৭, সানি ১/৪৫, রাজ্জাক ১/৪৮, শুভাশিস ১/৬০)। শেখ জামাল: ৪৬ ওভারে ৩০৫/৪ (মুশফিক ১৪৫*, ক্রুক ১০০, তানভীর ৩৩*; সোহাগ ২/৬০, ফরহাদ ১/৫১, তাইজুল ১/৭৪)।
ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: মুশফিকুর রহিম