ক্লাব ফুটবলে গোলের সব রেকর্ড নিয়ে ছেলেখেলা করছেন। ‘আর্জেন্টিনার জার্সিতে অচেনা’—প্রচলিত এ ধারণাকে নিয়েও যেন এবার ছেলেখেলা করতে শুরু করেছেন লিওনেল মেসি। ইউরোর উত্তেজনার মাঝেই দুই লাতিন পরাশক্তি নিউজার্সিতে মুখোমুখি হয়েছিল প্রীতি ম্যাচে। মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। দেশের হয়ে সর্বশেষ তিন ম্যাচে মেসির এটি দ্বিতীয় হ্যাটট্রিক!তবে গল্পের শুধু অর্ধেকটাই বলা হলো এতে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে জয়-পরাজয় কখনোই অঘটন নয়। কিন্তু কাল ব্রাজিল জিতলে নিশ্চিতভাবেই সেটা হতো বড় এক বিস্ময়। কোচ মানো মেনেজেস যে নামিয়েছিলেন তাঁর অলিম্পিক দলকে! প্রথম একাদশের গড় বয়স ছিল মাত্র ২১, সবাই মিলেও ম্যাচ খেলেছেন মাত্র ৪৫টি, সবচেয়ে অভিজ্ঞ (!) নেইমারের ছিল ১৭তম ম্যাচ। কিন্তু এই তরুণ দলটিই কাঁপিয়ে দিয়েছিল পূর্ণ শক্তির আর্জেন্টিনাকে। দারুণ স্কিল ও গতির দলটি দেখিয়েছে উজ্জ্বল ভবিষ্যতের ঝলকানি। গতিময় আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে মন ভরিয়েছে দুই দলই।আর্জেন্টিনার মেসির সমালোচকদের হাতে অস্ত্রটা তুলে দিয়েছিলেন আসলে মেসি নিজেই। বার্সার হয়ে গোলের বন্যা বইয়ের দেওয়া তারকার এই সেদিনও দেশের হয়ে ছিল ৬৭ ম্যাচে মাত্র ১৯ গোল! তবে এই মৌসুমের পরিণত মেসি যেন সেই অধ্যায়কে মাটিচাপা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের পর ইকুয়েডরের বিপক্ষে ১ গোল। পরশু আবার হ্যাটট্রিক। প্রথম গোলটি পেলেন ৩১ মিনিটে। ব্রাজিলের অধিনায়ক সান্দ্রোর পা থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক ডিফেন্সচেরা পাস গঞ্জালো হিগুয়েইনের, আগুয়ান গোলকিপার রাফায়েলের ডান পাশ দিয়ে মেসি বল পাঠিয়ে দিলেন জালে।অথচ গোলটির আগ পর্যন্ত ম্যাচটা ছিল ব্রাজিলময়। অস্কার-হালক-নেইমার-রোমালোরা মুহুর্মুহু আক্রমণে কাঁপিয়ে দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগ। প্রথমে এগিয়েও যায় তারাই। ২৩ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে অফসাইড ট্র্যাপ ভেঙে বল জালে পাঠান রোমালো। মেসির সমতা ফেরানো গোলের ৩ মিনিট পরই এগিয়ে যায় আর্জেন্টিনা। এবারও ডিফেন্সচেরা পাস অ্যাঙ্গেল ডি মারিয়ার, খেই ছিল না অনভিজ্ঞ ব্রাজিলিয়ান রক্ষণের। গোলরক্ষক রাফায়েলকেও কাটিয়ে মেসি এগিয়ে দেন দলকে।দ্বিতীয়ার্ধে টানা দুই গোলে আবার এগিয়ে যায় ব্রাজিল। লিয়ান্দ্রো ডামিয়াওর সঙ্গে বক্সের মধ্যে ‘ওয়ান-টু’ খেলে সমতায় ফেরান পুরো ম্যাচে নজরকাড়া অস্কার। ৭২ মিনিটে নেইমারের কর্নারে এগিয়ে দেন হালক, যেটি পোর্তো ফরোয়ার্ডের দ্বিতীয় আন্তর্জাতিক গোল। চার মিনিট পরই ডি মারিয়ার বদলি আগুয়েরোর কর্নারে মাথা ছুঁইয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান সেন্টারব্যাক ফেদেরিকো ফার্নান্দেজ।ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৮৫ মিনিটে। অসাধারণ এক ম্যাচের ভাগ্য গড়া মুহূর্তটি এর চেয়ে আদর্শ আর হতে পারত না। ডান প্রান্ত থেকে বল নিয়ে ক্ষিপ্র মেসি পুরো রক্ষণকে সন্ত্রস্ত করে বক্সের ওপর থেকে বাঁ পায়ে যে শট নেন তা ৮২ হাজার দর্শককে স্তম্ভিত করে ঢোকে ব্রাজিলের জালে। ম্যাচ শেষে মেসির সঙ্গে নেইমারের জার্সি বদল রোমাঞ্চিত করল মেটলাইফ স্টেডিয়ামকে। দুঃসময়কে পেছনে ফেলতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন মা-বাবাকে, ‘হোক, প্রীতি ম্যাচ, ব্রাজিলকে হারানো সব সময়ই দারুণ। নিজের তিন গোলেও আমি দারুণ খুশি। মা-বাবাকে ধন্যবাদ। আর সবার চেয়ে তাঁরা সবচেয়ে বেশি জানেন জাতীয় দলের খারাপ সময়টায় আমি কতটা কষ্ট পেয়েছি।’ আর ব্রাজিল কোচের কণ্ঠে ছিল অসহায়ত্ব, ‘মেসিকে আটকানোর উপায় এখনো কেউ বের করতে পারেনি। চারটা সুযোগ পেয়ে তিনটা গোল করেছে।’দুই দলের সর্বশেষ নয় ম্যাচে আর্জেন্টিনার এটি দ্বিতীয় জয়, ব্রাজিল জিতেছে পাঁচটি। টানা দুই ম্যাচে হেরে অলিম্পিকে যাচ্ছে ব্রাজিল। তবে পরশুর পারফরম্যান্সের পর অধরা অলিম্পিক সোনার স্বপ্ন এখন তারা দেখতেই পারে! এএফপি, রয়টার্স।