দুর্দান্ত রিয়ালের পেছনে বার্সা
স্প্যানিশ লিগ দুই ঘোড়ার দৌড় নয়। এটা বোঝাতে দুই ‘ঘোড়া’ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই ‘সহিস’ হোসে মরিনহো ও পেপ গার্দিওলাকে অনেক কথা খরচ করতে হয়। এবার লিগের শুরু থেকেই রিয়াল-বার্সার কোচ এই মতবাদ পেশ করে চলেছেন। বার্সেলোনা যখন প্রথম চার ম্যাচের মধ্যে রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করল, আর রিয়াল মাদ্রিদ হেরে গেল লেভান্তের কাছে এবং আট রাউন্ড শেষেও ওই পুঁচকে লেভান্তে রইল শীর্ষে, মরিনহো-গার্দিওলা কষ্ট বুকে চেপেও একটু হাসলেন। কিন্তু স্প্যানিশ লিগ আসলেই ভিন্ন জগৎ। কয়েক দশকের কষ্টি পাথরে যাচাই করা সত্য, এটা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনারই লড়াই। স্প্যানিশ লিগ শেষ পর্যন্ত ফিরেছে সেই রিয়াল-বার্সা পরিচিত দ্বৈরথেই। ১১ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে গেল তিন পয়েন্টে (২৮ ও ২৫)। গত রোববার রিয়াল ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের কল্যাণে ওসাসুনাকে গুঁড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। একই দিন বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। মৌসুমে প্রথম হারের কিনারা থেকে বার্সাকে উদ্ধার করেছেন লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে বিলবাওয়ের রক্ষণের ভুলের সুযোগে সেই জাদুকরি বাঁ-পায়ের ছোঁয়ায় এনে দিয়েছেন সমতাসূচক গোল। রিয়াল ও বার্সেলোনার কিংবদন্তিতুল্য প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অন্তর্গত একটা লড়াইও এখন সমান আকর্ষক। তৃতীয় বছরে গড়ানো লড়াইটা হলো রোনালদো বনাম মেসি, মেসি বনাম রোনালদো। কে কাকে গোলসংখ্যায় ছাড়িয়ে যাবেন, এ যেন নৈমিত্তিক লড়াই। যেমন রোববার রোনালদো নেমেছিলেন মেসিকে ছুঁয়ে ফেলতে বা ছাড়িয়ে যেতে। ছুঁতে হলে তাঁকে করতে হতো হ্যাটট্রিক। ৯২ মিলিয়ন ইউরো দামি ফুটবলারটি সেটাই করলেন। মৌসুমে নিজের চতুর্থ হ্যাটট্রিক করলেন এমন ভঙ্গিতে, যেন গোল করার মতো সহজ কাজ আর নেই! রোনালদোর হ্যাটট্রিকের পাশে বেনজেমার ২ এবং পেপে ও হিগুয়েইনের ১টি করে গোলের সুবাদে বিশাল জয় এবং ঘণ্টা তিনেক পরে দেখা গেল ওটাই বার্সাকে তিন পয়েন্টে পেছনে ফেলার রসদ। তবে বিলবাওয়ের সঙ্গে সমতাসূচক গোলটি করে মেসি ঠিকই এক গোল পেছনে ফেলেছেন রোনালদোকে (১৪ ও ১৩)।লিগে টানা দশম জয়ের পর মরিনহো দলীয় সংহতিরই জয়গান গেয়েছেন, ‘দশটা জয় আমাদের প্রাপ্যই ছিল। ভাগ্যজোরে জিতিনি, হ্যাঁ, অ্যানোয়েতায় (সোসিয়েদাদের স্টেডিয়াম) আমাদের ভুগতে হয়েছে ঠিকই, তবে আমরা সবগুলো ম্যাচে হয় ভালো খেলেছি, নয়তো খুবই ভালো খেলেছি।’রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, সেভিয়ার পর বিলবাওয়ের সঙ্গে ড্র। বার্সেলোনা লিগে এখনো অপরাজিত থাকলেও ড্র করল চার ম্যাচে। বৃষ্টিমুখর দিনে বিলবাওয়ের মাঠে এদিন কঠিন পরীক্ষার মুখেই পড়েছিল গত তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। ২০ মিনিটে হেরেরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা, তিন মিনিট পরই যদিও সেস ফ্যাব্রিগাসের দুর্দান্ত এক হেডে সমতা এনে ফেলে বার্সেলোনা, তার পরও জিততেই চলেছিল বিলবাও। ৮০ মিনিটে জেরার্ড পিকের আত্মঘাতী গোলে পরাজয়টাকে কপালের লিখন বলেই মনে হয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ে ত্রাতা হয়ে আসেন মেসি। ম্যাচের পর পয়েন্ট হারানো নিয়ে কোনো কথা বলেননি গার্দিওলা। বার্সেলোনা কোচের মুখে ঝরেছে সুন্দর ফুটবলের প্রশংসা, ‘যখন দুই দল এত করে জয় চায়, ফুটবলটা হয় সুন্দর এবং দর্শকরাই হন বিজয়ী।’ স্প্যানিশ লিগ পরিচিত চেহারায়। কিন্তু ইংল্যান্ডে ব্যতিক্রমী ছবিটা সরাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। গত পাঁচ মৌসুমে চারবার লিগজয়ীদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ধরে রেখেছে শীর্ষস্থান। শনিবার ম্যানইউয়ের জয় আর দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের রজতজয়ন্তীর দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে হারিয়ে সিটি হাতছাড়া হতে দেয়নি শীর্ষস্থান। ১১ ম্যাচ শেষে ম্যানইউয়ের চেয়ে সিটি ৫ পয়েন্টে এগিয়ে। এএফপি, রয়টার্স।