
তাদের বলা হচ্ছে এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। কথাটা যে অমূলক নয়, সেটা পরশু অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোমতোই দেখাল চিলি। ৩-১ গোলের জয়ের পর জমে উঠল ‘বি’ গ্রুপের লড়াই।
দুই দলই জানত নিজেদের শক্তির জায়গা কোথায়। চিলির আস্থা ছিল নিজেদের দুর্দান্ত প্রেসিং ফুটবলে। অস্ট্রেলিয়ার জানা ছিল, প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে খর্বকায় দল। বাতাসে বল ভাসিয়ে তারা সেই সুবিধাটা কাজে লাগানোর চেষ্টা করেছিল। টিম কাহিলের গোলটা ওভাবেই। কিন্তু আগে-পরে তিন গোল করে চিলিই জিতে নেয় ম্যাচটা।
পথটা দেখিয়ে দিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা অ্যালেক্সিস সানচেজ। ১২ মিনিটে চিলির চার্লস আরাঙ্গুইজের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড। দুই মিনিট পর হোর্হে ভালদিভিয়া দারুণ একটা শটে ব্যবধান বাড়িয়ে দেন। সেটাও সানচেজের বানিয়ে দেওয়া বলেই। মনে হচ্ছিল, কুয়াইবার প্যানটানাল অ্যারেনার হাজার বিশেক চিলির সমর্থক উৎসবের আরও বেশি উপলক্ষ পাবে। তবে সেটা হয়নি। উল্টো ৩৫ মিনিটে গোল করে বসে অস্ট্রেলিয়া। ডান দিকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়িয়ে দেন টিম কাহিল। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হেডে আরেকটা গোলও প্রায় করেই ফেলেছিলেন। ক্লদিও ব্রাভো বাধা না হয়ে দাঁড়ালে অস্ট্রেলিয়া সমতা ফেরাতেই পারত। মনে হচ্ছিল ২-১ গোলেই খেলা শেষ হবে। একদম অন্তিম সময়ে জাঁ বেসোজার গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে চিলি।
পালাবদলের ভেতর দিয়ে যেতে থাকা অস্ট্রেলিয়া র৵াঙ্কিংয়ে বিশ্বকাপে সবচেয়ে পিছিয়ে থাকা দল। তাদের সঙ্গে জয়টা প্রত্যাশিতই ছিল। চিলি কোচ হোর্হে সামপাওলি জানেন আসল পরীক্ষা স্পেনের সঙ্গে সামনের ম্যাচে। আহত স্পেন পালটা আঘাতের জন্য সম্ভাব্য সবকিছুই করবে। সে কারণে জয়ের পর তাকালেন সামনের দিকেই, ‘স্পেনের রেকর্ড আমাদের চেয়ে ভালো। ওদের সঙ্গে খেললে অবশ্যই আমাদের আজকের চেয়ে ভালো খেলতে হবে।’
সমতা ফেরানোর ভালো কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পেরে হতাশ অস্ট্রেলিয়া কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লু, ‘আমি খুবই হতাশ। আশা করেছিলাম এই ম্যাচ থেকে কিছু একটা পাব। চিলির শুরুটা দারুণ হয়েছিল, ওদের দুই গোল আমাদের কাজটা অনেক কঠিন করে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধের অনেকটা সময়জুড়ে খেলাটা আমাদের হাতেই ছিল।’ আর কাহিল ম্যাচ থেকে খুঁজে নিচ্ছেন প্রেরণার মণি-মুক্তো, ‘ওরা যখন আগ্রাসন দেখিয়েছে, আমরাও পাল্টা দেখিয়েছি। এটা থেকে শিক্ষা নিয়েই আমরা পরের ম্যাচ খেলব।’ এএফপি, রয়টার্স৷