দুর্নীতি দমন দিবসে পিসিবির শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ছিল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ক্রিকেটের জন্য ক্যালেন্ডারের এই তারিখটা বিশেষ কিছু নয়। তবে এই দিনটিকেই বেছে নিয়ে পাকিস্তানের ক্রিকেট কর্তারা নিয়েছেন অন্যরকম এক শপথ—ক্রিকেটে দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।আগের দিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে খেলোয়াড়দের সচেতনতা বাড়াতে নেওয়া ওই উদ্যোগের কথা। পিসিবি কর্তারা সেই শপথই নিলেন। বোঝাই যাচ্ছে, সম্প্রতি স্পট ফিক্সিংয়ের ঘটনা পাকিস্তান ক্রিকেটে কতটা নাড়া দিয়ে গেছে।আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করার দায়ে অভিযুক্ত হয়েছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। জানুয়ারি মাসের ৬ থেকে ১১ তারিখ দুবাইয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগের শুনানির মুখোমুখি হতে হবে এই তিনজনকে। কামরান আকমল, উমর আকমল, ওয়াহাব রিয়াজ ও ইমরান ফারহাত—এই চারজনের ওপরও ঝুলছে ম্যাচ পাতানোর অভিযোগের খড়্গ। এর আগেও ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে টালমাটাল হয়েছে পাকিস্তানের ক্রিকেট। সব মিলিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে ক্রিকেট জনপ্রিয়তা হারাতে বসেছে, ক্রিকেটারদের বিশ্বাসযোগ্যতা পৌঁছেছে শূন্যের কোঠায়।এমন ঘটনা পাকিস্তানের ক্রিকেটে আর দেখতে চান না কর্তারা। এ কারণেই আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে ক্রিকেট থেকে দুর্নীতি নির্মূল করার শপথ। পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার বলেছেন, ‘আগের চেয়ে কঠোর আচরণবিধি, খেলোয়াড়দের সচেতনতা বাড়ানোর নানা উদ্যোগ ও ঘরোয়া ক্রিকেটে আইসিসির দুর্নীতি দমন নীতিমালার প্রবর্তন করে পিসিবি দুর্নীতির মূল উপড়ে ফেলতে কঠোর ব্যবস্থা নিয়েছে। আইসিসিও এসব পদক্ষেপের প্রশংসা করেছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার নীতিতে আমাদের এই কঠিন অবস্থান অটল থাকবে।’ এএফপি।