দুর্নীতি পাকিস্তানিদের মূল্যবোধকে নষ্ট করে দিয়েছে: ইমরান খান
রাজনীতিকে পরিণত হওয়া পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘ক্রিকেট আলাদা কোনো বিষয় নয়। এটি পাকিস্তানের আর্থ-সামাজিকতারই অংশ। ক্রিকেটের বিভিন্ন দুর্নীতির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে পড়ার যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে, তা পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর আর্থ-সামাজিক অবস্থারই পরিচয় বহন করে।’ তিনি গতকাল শনিবার বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। ইমরান খান আরও বলেন, ‘যে দেশের রাষ্ট্রপ্রধান স্বয়ং “মি. টেন পার্সেন্ট” নামে পরিচিত সে দেশের মানুষ তথা ক্রিকেটারদের এ ধরনের নৈতিকতায় অবাক হওয়ার কিছু নেই।’পাকিস্তান তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মনে করেন ইমরান খান। তিনি বলেন, ‘বিশ্বের কাছে পাকিস্তান একটি সন্ত্রাস-কবলিত রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিহাসের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অপরিসীম। দেশের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্ট প্রমোদ ভ্রমণ করতে ইউরোপে চলে গেলেন। প্রেসিডেন্ট বন্যাদুর্গতদের সাহায্যার্থে বহির্বিশ্বের কাছ থেকে অর্থ সাহায্য চাইলেও কেউ সেভাবে তাতে সাড়া দিচ্ছে না। কারণ, দেশের সরকারি প্রশাসনযন্ত্রে দুর্নীতি। দুর্নীতি পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দেশটির মূল্যবোধকে পঙ্গু করে দিচ্ছে।’স্পট কেলেঙ্কারির অভিযোগ ওঠায় পাকিস্তানের তিন ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে আইসিসি বহিষ্কার করেছে। আইসিসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইমরান খান বলেন, ‘কোনো খেলোয়াড়ের বিপক্ষে দুর্নীতি ও অনাচারের অভিযোগ উঠলে সর্বোচ্চ সংস্থা তাকে বহিষ্কার করতে পারে। তবে আমার মনে হয়, অভিযুক্ত খেলোয়াড়ের নিজে থেকেই সরে দাঁড়ানো উচিত, যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছে।’তরুণ খেলোয়াড় মোহাম্মদ আমিরের এই অনৈতিক কাজে জড়িয়ে পড়ার ব্যাপারে ইমরান খান বলেন, ‘আমিরের বয়স ১৮। এই বয়সে একজন বুঝতে পারে কোনটি ন্যায়, কোনটি অন্যায়। আমিরেরও বোঝা উচিত। আমির অসম্ভব প্রতিভাবান একজন খেলোয়াড়। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হব, যদি সে এই ঘটনায় দোষী প্রমাণিত হয়। তবে আমি অবশ্যই চাইব, এমন অন্যায় করে যেন কেউ পার পেয়ে না যায়। অপরাধীকে শাস্তি পেতেই হবে।’