দুর্নীতিবিরোধী ঘোষণাপত্রে স্বাক্ষরের আহ্বান আইসিসির
ইতিহাসের বিভিন্ন সময়ে বল টেম্পারিং, ম্যাচ পাতানোসহ নানা রকম দুর্নীতিতে কলুষিত হয়েছে ক্রিকেট অঙ্গন। সম্প্রতি পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর নতুন করে শোরগোল তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে তারা একটি দুর্নীতিবিরোধী ঘোষণাপত্রে স্বাক্ষর করতে সব সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত ক্রিকইনফোকে বলেছেন, ‘ক্রিকেট অঙ্গনকে দুর্নীতির ছোবল থেকে মুক্ত রাখতে খেলোয়াড়, কর্মকর্তাসহ ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাইকে আমরা এ ঘোষণায় স্বাক্ষর করার আহ্বান জানিয়েছি।’ ইতিমধ্যেই পাকিস্তান আর অস্ট্রেলিয়া এটাতে স্বাক্ষর করেছে বলে ধারণা করা হচ্ছে। খুব শিগগির দক্ষিণ আফ্রিকাও এর সঙ্গে যুক্ত হবে বলে আশা করছে আইসিসি।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ বলেছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের এতে স্বাক্ষর করতে উত্সাহিত করছি। আমার মনে হয়, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আইসিসির সদস্য সব দেশেরই এতে স্বাক্ষর করা উচিত।’এদিকে আইসিসির দুর্নীতিবিরোধী এ ঘোষণাপত্র অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্মকর্তা। সেই কর্মকর্তা আরও বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সেই ঘোষণাপত্রে খুবই আগ্রহ নিয়েই স্বাক্ষর করেছেন।তবে অন্যরা এককথায় সমর্থন করলেও এটা নিয়ে অনেক আলাপ-আলোচনার অবকাশ আছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি। তিনি বলেছেন, ‘যেকোনো ঘোষণাপত্রে স্বাক্ষর করার ব্যাপারে আলাপ-আলোচনার অবকাশ রয়েছে। এটি নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।’