দুর্নীতির অভিযোগও তুলল ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবিতে কারা কী দুর্নীতি করে গেছেন, কয়েক দিন আগে সেসব ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সংগঠন ফোরাম কাল দুর্নীতির অভিযোগ আনল নাজমুল হাসানের অস্থায়ী কমিটির বিরুদ্ধেই।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরাম সভাপতি ইউসুফ জামিল অভিযোগ তুলেছেন বিসিবির অস্থায়ী কমিটির দুই সদস্যের বিরুদ্ধে, ‘চট্টগ্রামের আ জ ম নাসির ও মাহবুবুল আনাম ১৫ কোটি টাকার কাজ করছেন টেন্ডার ছাড়া। টেন্ডারের প্রসেস চলছে, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সিলেটে সাড়ে চার কোটি টাকার কাজ হচ্ছে। বরিশালের আলোকেও (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান) বিকেএসপির দুই কোটি টাকার কাজ দেওয়া হয়েছে।’ এ ছাড়া ঈদের আগে কয়েকটি জেলা ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যে সভা করেছিলেন নাজমুল হাসান, সেটাও বিসিবির টাকায় করেছেন বলে অভিযোগ ফোরাম সভাপতির। ‘আল্লাহ আমাদের বিসিবিতে নিলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে’—বলেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দরপত্র ছাড়াই মোট ৩০ কোটি টাকার কাজ হচ্ছে দাবি করে ফোরামের মহাসচিব আশিকুর রহমানের প্রশ্ন, ‘টেন্ডার ছাড়া ৩০ কোটি টাকার কাজ হচ্ছে। তাহলে কারা দুর্নীতি করে? কারা ক্লাব কেনে? কারা কাউন্সিলর কেনে?’
বিসিবির অস্থায়ী কমিটির সদস্য মাহবুবুল আনাম দেশের বাইরে ছিলেন বলে অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন আ জ ম নাসির, ‘এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ, যার ন্যূনতম কোনো ভিত্তি নেই। হঠাৎ করে তিনি (ইউসুফ জামিল) এই অভিযোগ কেন করলেন? কিছুদিন আগেও তো উনি আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন!’ কোনো স্টেডিয়ামের নির্মাণ বা সংস্কারকাজের ঠিকাদারির সঙ্গে সম্পৃক্ত নন দাবি করে ফোরাম সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ‘আমি ওনাকে চ্যালেঞ্জ দিলাম, উনি এটা প্রমাণ করুন। এর যদি চুল পরিমাণ সত্যতাও মেলে আমি যেকোনো কিছু মেনে নিতে রাজি। আর যদি প্রমাণ করতে না পারেন, ওনার ক্রীড়াঙ্গন থেকে বিদায় নেওয়া উচিত।’ অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর খানও, ‘আমি বিকেএসপির কোনো কাজ পাইনি। বিকেএসপির জন্য দুই কোটি টাকার কোনো টেন্ডারও হয়নি। টেন্ডার হয়েছে ছোট ছোট। জাতীয় ক্রীড়া পরিষদের ঠিকাদার হিসেবে সর্বনিম্ন দর দিয়ে আমি ৩৯ লাখ টাকার ফার্নিচার সরবরাহের একটা কাজ পেয়েছি।’