দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কানেরিয়া
এবার বোধহয় ফেঁসেই যাচ্ছেন দানিশ কানেরিয়া! কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে দুর্নীতি করার অভিযোগে তাঁকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসিবির শুনানিতে অংশ নেবেন কি না, এ ব্যাপারে সিদ্ধান্তে নিতে আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন কানেরিয়া।কানেরিয়ার ভাই ভিকি রয়টার্সকে বলেন, ‘ইসিবির শুনানির চিঠি পেয়েছি। কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে আইনজীবীর সঙ্গে আলোচনা করব আমরা।’ ২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের থাকার কথা স্বীকার করায় গত ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগটা শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে অবশ্য তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। অভিযুক্ত করা হয়েছে কারাগারে থাকা ওয়েস্টফিল্ডকেও।