অনুশীলন ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগে আগামী এসএ গেমসে টেবিল টেনিস দলকে না-ও পাঠানো হতে পারে। কাল এমনই আভাস দিয়েছেন বিওএর একজন দায়িত্বশীল কর্মকর্তা।
আগামী ৬-১৬ ফেব্রুয়ারি গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এসএ গেমস সামনে রেখে ২০ আগস্ট আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু করেছে টিটি ফেডারেশন। এ জন্য ক্যাম্পে থাকা তিনজন কোচ এবং ১৪ জন খেলোয়াড়কে দৈনন্দিন খরচ দিচ্ছে বিওএ। প্রতি কোচকে খাওয়া ও পকেটমানি হিসেবে দেওয়া হচ্ছে ১০০০ টাকা করে। খেলোয়াড়দের জন্য বরাদ্দ প্রতিদিন ৭৭৫ টাকা করে।
এসএ গেমসের অনুশীলন ক্যাম্পে কাগজে-কলমে তিনজন কোচ থাকলেও প্রকৃতপক্ষে কাজ করছেন একজন কোচ। কিন্তু বাকি দুজন না থাকলেও ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই তাঁদের নামে ফেডারেশন বিল তুলে নিয়েছে রেভিনিউ স্ট্যাম্পে সই জালিয়াতি করে। এঁদের একজন পশ্চিমবঙ্গের শৌভিক রায়, যিনি ঢাকায়ই আসেননি! ৪ জন অতিরিক্ত খেলোয়াড়ের খাবার ও পকেটমানির হিসাব দেখিয়েও বিল তোলা হয়েছে। শুধু তা-ই নয়, ফেডারেশনের সদস্য তাজউদ্দিন পাপ্পুকে জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁর কোচিং জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন খেলোয়াড়েরা।
প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির অনুসন্ধানে এসব অনিয়ম-দুর্নীতি ধরা পড়ার পর নড়েচড়ে বসেছে বিওএ। ফেডারেশনকে আর্থিক অনিয়মের অতিরিক্ত টাকা ফেরত দিতে এরই মধ্যে চিঠিও দেওয়া হয়েছে। ১১ নভেম্বর বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে (সূত্র: বিওএ/হিসাব/১২তম সাউথ এশিয়ান গেমস-প্রশিক্ষণ/ ২০১৫/০৪৪৪/১০) বলা হয়েছে, মোট প্রাপ্য ৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা থেকে অতিরিক্ত ৯৬ হাজার ১০০ টাকা সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির এই আর্থিক অনিয়মের প্রসঙ্গে বললেন, ‘শৌভিক রায়ের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যেহেতু উনি আসবেন, তাই ওটা ধরে নিয়েই আমরা টাকাগুলো তুলেছি। আমি বিওএকে
জানিয়েছি যে, আমাদের একটাই অন্যায় হয়েছে কোচ ঢাকায় আসার আগে টাকাটা নিয়েছি। তবে তাঁর গত দুই মাসের সব টাকাই ফেডারেশনের তহবিলে জমা আছে।’
টিটির এমন কার্যকলাপে অসন্তুষ্ট বিওএর প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি। কাল এই কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান মিকু সতর্কবার্তাই শোনালেন, ‘টিটিতে যেভাবে ট্রেনিং চলার কথা সেভাবে চলছে না। আমরা তাদের ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে টিটিতে শৃঙ্খলা না ফিরলে তাদের এসএ গেমসে পাঠানো হবে কি না বিবেচনা করব।’