দুর্বল শেফিল্ড শিল্ডে অস্ট্রেলিয়ার দুর্দশা!
অস্ট্রেলিয়ার অধিনায়ক ইয়ান চ্যাপেলকে যখন ঘরোয়া ক্রিকেটে বোলিং করতেন ডেনিস লিলি, চাইতেন পিচে রক্ত ঝরাতে। শেফিল্ড শিল্ডের মান ও প্রতিদ্বন্দ্বিতা বোঝাতে একসময় এটিকে উদাহরণ হিসেবে দাঁড় করানো হতো। বিশ্বের সেরা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে শেফিল্ড শিল্ডের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু সেই দিন আর নেই। শেফিল্ড শিল্ড থেকে উঠে এসে স্পিন-জাদুতে বিশ্ব মাতিয়েছেন যিনি, সেই শেন ওয়ার্ন বলছেন, ভীষণভাবেই মান পড়ে গেছে এই টুর্নামেন্টের। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দুর্দশার একটা বড় কারণও নাকি এটাই। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট অবকাঠামো একসময় বাকি ক্রিকেট-বিশ্বের জন্য ছিল আদর্শ। কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না আগের মতো মানসম্পন্ন ক্রিকেটার। সর্বশেষ শেফিল্ড শিল্ডে সর্বোচ্চ তিন রানসংগ্রহকারী হলেন ৩৮ বছর বয়সী পন্টিং, ২৮ বছর বয়সী মার্ক কসগ্রোভ, যে কিনা খেলছে প্রায় এক যুগ ধরে ও ৩৫ বছর বয়সী ক্রিস রজার্স। নজরকাড়া কোনো তরুণ না পাওয়ায় নির্বাচকেরা বাধ্য হয়েছেন অ্যাশেজ দলে ওপেনার রজার্সকে নিতে।ওয়ার্নের মতে গণ্ডগোলটা গোড়াতেই, ‘ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো আমাদের ঠিক করতে হবে। যেকোনো ক্ষেত্রেই ভিত্তিটা মজবুত হওয়া জরুরি। শেফিল্ড শিল্ডকে বিশ্বের সেরা প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বলে আমরা সব সময়ই গর্ব করেছি। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, এটা এখনো সেরা কিনা।’তরুণ প্রতিভা নেই বলে সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক ধরনের হাহাকার উঠলেও ওয়ার্ন প্রতিভার কমতি দেখছেন না। গলদ দেখছেন পদ্ধতিতে। তরুণদের টি-টোয়েন্টিতে ঠেলে দেওয়াতেও সর্বনাশ দেখছেন স্পিন কিংবদন্তি, ‘প্রতিভার কোনো অভাব দেখছি, অনেক তরুণ প্রতিভা আছে আমাদের। কিন্তু ওদের দ্রুত খুঁজে বের করে ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত চার দিনের ম্যাচের অভিজ্ঞতা দিতে হবে। চার দিনের ম্যাচ অনেক বেশি খেললে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মানিয়ে নেওয়া ব্যাপার নয়। কিন্তু টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে চার দিনের ম্যাচ খেলা তরুণদের জন্য কখনোই ভালো নয়।’ ওয়েবসাইট।