দুর্ভাগা ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে এত দিন একটা বড় ধরনের সমালোচনা ছিল। আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেন না। কিন্তু এবারের ইউরোয় সুইডেনের প্রথম দুটো ম্যাচের পর এ নিয়ে আর কোনো কথা হয়নি। কারণ, ওই দুটো ম্যাচে সুইডিশদের মধ্যে যে তিনিই সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন। একক কেতায় পুরো একটি দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ফুটবল যে ১১ জনের খেলা। নিজে ভালো খেললেও তাঁর সতীর্থরা তাঁকে সফল হতে দেয়নি। তবে ইউক্রেন ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটোয় সবাইকে ছাপিয়ে হিরো ওই ইব্রাহিমোভিচই। ইউক্রেনের বিপক্ষে তিনি গোল করেছিলেন। একা দুর্দান্ত খেলে সতীর্থদের বারবার জায়গা তৈরি করে দিচ্ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষেও কাল ইব্রাহিমোভিচ ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। কিন্তু একা আর কতক্ষণ লড়াই চালিয়ে যাওয়া যায়!প্রথম দুই ম্যাচে হেরে সুইডেনের ইউরো অভিযাত্রা শেষই হয়ে গেছে। কিন্তু ফুটবলানুরাগীদের দুঃখ ইব্রাহিমোভিচের মতো একজন খেলোয়াড় নিজে ভালো খেলেও দলের অন্যদের ব্যর্থতায় প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হলো একজন দুর্দান্ত তারকাকে।সুইডেনের রক্ষণভাগকে ‘নিকৃষ্টতম’ হিসেবে উল্লেখ করেছেন অনেকেই। গতিহীন মধ্যমাঠের কারণে আক্রমণেও নেই কোনো ধারালো ভাব। বল প্লেইংয়ের আপার সৌন্দর্য এই দলটির মধ্যে অনুপস্থিত থাকায় এর প্রভাব গিয়ে পড়ছে ফলাফলে। এই দলের এক আশ্চর্য ব্যতিক্রম ছিলেন ইব্রাহিমোভিচ।ইংল্যান্ডের বিপক্ষে কাল ২৩ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে সুইডেন। গোলটির একটি বিশেষত্ব আছে। অ্যান্ডি ক্যারোলের সেই গোলটি বাতাসে সুইডিশ রক্ষণভাগের চিরন্তন দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বশেষ নয়টি ম্যাচের আটটিতেই বাতাসে ভেসে আসা বলে গোল হজম করতে হয়েছে সুইডেনকে। আগে থেকেই কোচ এরিক হ্যামরেনের জন্য এ এক বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছিল। সেই সমস্যাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল এই দলটির জন্য। জ্লাতান ইব্রাহিমোভিচের ওপর ছিল পুরো দলটিকেই টেনে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব। নিজের তরফ থেকে সে ব্যাপারে সচেতনই ছিলেন তিনি। ম্যাচে প্রতিপক্ষেরও পুরো মনোযোগ তিনি আকর্ষণ করতে পেরেছিলেন। ইব্রাহিমোভিচের পায়ে বল যাওয়া মাত্রই তিন-চারজন রক্ষণ ব্যূহের খেলোয়াড়ের তাঁকে ঘিরে ধরা। কিন্তু এ থেকে যে গ্যাপ তৈরি করা গেছে, তার সুযোগ নিতে বড্ড বাজেভাবেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাকি খেলোয়াড়েরা। ইব্রাহিমোভিচ নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। ওয়েবসাইট।