সেই ১৯৬৮ সালে কাউন্টিতে প্রথম মৌসুমেই ২৬টি ছক্কা মেরেছিলেন, লি আরভিনের ব্যাটিং-দর্শন বুঝতে এই তথ্যই যথেষ্ট। ১৯৪৪ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্মেছিলেন আজকের দিনে, ১৯৭০ সালে ঠিক আজকের দিনেই, অর্থাত্ ২৬তম জন্মদিনে করেছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বেচারার শেষ টেস্ট সেঞ্চুরিও এটাই। দক্ষিণ আফ্রিকা যখন পরের টেস্টটি খেলেছে, আরভিনের বয়স যে তখন ৪৭! বর্ণবাদের অভিশাপে দক্ষিণ আফ্রিকা ২২ বছর নিষিদ্ধ থাকায় ব্যারি রিচার্ডস, দুই পোলক, মাইক প্রক্টরদের মতো আরভিনও জানতে পারেননি কত দূর যেতে পারতেন তিনি। শেষ টেস্টে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি আছে আরও নয়জনের। এঁদের মধ্যে ডাবল সেঞ্চুরি আছে শুধু অস্ট্রেলিয়ার জ্যাসন গিলেস্পির। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে গিলেস্পির ওই ইনিংস নাইটওয়াচম্যানের একমাত্র দ্বিশতকও। জ্যাক রাসেলকে এই তালিকায় রাখাও যায়, আবার নাও রাখা যায়। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে এই ইংলিশ করেছিলেন প্রথম সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে হাসপাতালের বেড থেকে উঠে এসে আরেকটি! এই রাসেল কিন্তু নব্বই দশকের সেই গুঁফো উইকেটকিপার নন, বিশের দশকের ওপেনার।