দুর্ভাগা নাইমুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ক্রিকেটারের পরিপক্বতা আসার বয়স যেটা, নানা কারণে সেই বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে সাবেক বাংলাদেশ অধিনায়ক নাইমুর রহমানের। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটি খেলেছেন মাত্র ২৮ বছর বয়সে। অনেক আক্ষেপ নিশ্চয়ই আছে, তবে একটা আক্ষেপ একটু বেশি করেই বুকে বাজার কথা তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো যে ৫০ ছোঁয়াই হয়নি! একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডও সঙ্গী হয়ে গেছে তাঁর। ওয়ানডেতে ফিফটি না পাওয়াদের মধ্যে সবচেয়ে বেশিবার চল্লিশের ঘরে আটকা পড়ার রেকর্ডটি নাইমুরের। ২৯ ওয়ানডের ক্যারিয়ারে চারবার আউট হয়েছেন চল্লিশে। ১৯৯৭ সালে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় করা ৪৭ রানই থেকে গেছে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। আর তিনটি ইনিংস আছে ৪৬, ৪৫ ও ৪১ রানের। টেস্টের রেকর্ডটি যাঁর, তিনিও চল্লিশে আটকা পড়েছেন চারবার। টেস্টে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ম্যাট পুরের সেরা চারটি ইনিংস ৪৫, ৪৪, ৪৩ ও ৪১।